স্টাফ রিপোর্টার।।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার বুধবার সাধারণ ছুটি ঘোষণা করে। সেই ছুটির দিনেও নগরীর খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে স্থানীয়রা অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে খালিশপুর থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচি ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে বুধবার ছিল সাধারণ ছুটি। সারা দেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বিদ্যালয় খোলা রাখেন এবং কয়েকজন শিক্ষককে উপস্থিত থাকতে বাধ্য করেন। বিষয়টি জানাজানি হলেও বুধবার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে প্রবেশের পর স্থানীয়রা প্রধান শিক্ষকের কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখেন। অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছিলেন। স্থানীয়দের দাবি, তিনি ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা মহানগর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক সংসদ সদস্য মন্নুজান সুফিয়ান ও এসএম কামালের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন তিনি।
এদিকে ছুটির দিনে শিক্ষকদের স্কুলে আসতে বাধ্য করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক শিক্ষককে কান্নারত অবস্থায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এতে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে। এক পর্যায়ে উত্তেজিত জনতা প্রধান শিক্ষককে গণধোলাই দিয়ে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে খালিশপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে থানা, জেলা ও আঞ্চলিক শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়ে এসে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় শিক্ষক ও এলাকাবাসীর পক্ষ থেকে পৃথক দুটি লিখিত অভিযোগ শিক্ষা কর্মকর্তাদের কাছে জমা দেওয়া হয়।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান জানান, প্রধান শিক্ষকের দাবি অনুযায়ী ১ জানুয়ারি বই বিতরণের প্রস্তুতির অংশ হিসেবে বুধবার কয়েকজন শিক্ষককে ডেকে কিছু কার্যক্রম করা হয়েছিল। তবে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তাকে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনাটি নিয়ে এলাকায় চরম আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে।











































