ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।
খুলনার ডুমুরিয়ায় আঁধারমানিক গ্রামের ৭ পরিবার রয়েছে বসত ভিটা উচ্ছেদের হুমকিতে। পরিবারগুলো স্থানীয় একটি কুচক্রী মহল ও পানি উন্নয়ন বোর্ডের কথিত জরুরি প্রকল্পের রোষানলে পড়েছে বলে জানা গেছে। এ ছাড়া তাদের মাছের ঘের ও বসতঘর সবই যাচ্ছে খালের পেটে। জানা গেছে, উপজেলার খোরেরাবাদ কালভার্ট বাজারের পাশেই রয়েছে জনবসতি। রাস্তার দু’পাশে রয়েছে ২০/২৫টি পরিবারের বসবাস। বসতির আগে এখানে খারেরাবাদ ও আঁধারমানিক নামক খাল ছিল।
খাল ভরাট হয়ে চর জাগলে ওই খালের জমি তাদের মধ্যে কেউ কেউ সরকারিভাবে বন্দোবস্ত পান। যার সুফলভোগী এলাকার অনিল মণ্ডল, কার্তিক মণ্ডল, অজিত মণ্ডলসহ অনেকে। প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে তারা ওই খালের জলাশয়ে মাছ চাষসহ খাল ভরাট জমিতে বসবাস করে আসছেন। এরই মধ্যে এলাকার একটি কুচক্রী মহল জলাবদ্ধতার কথা বলে খাল খননের জন্য দৌড়ঝাঁপ শুরু করে। বর্তমানে খুলনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ খালটি খননের জন্য একটি জরুরি প্রকল্পও হাতে নিয়েছেন। এরই মধ্যে খনন কাজে ব্যবহৃত এসকেভেটরও সেখানে নেয়া হয়েছে। অপরদিকে সরকারি বন্দোবস্ত নিয়ে বসবাসরত পরিবারগুলোকে দেয়া হয়নি কোনো ধরনের নোটিশ। এ প্রসঙ্গে ভুক্তভোগী অচিন্ত্য মণ্ডল ও বিশ্বনাথ সানা বলেন- আমরা গরিব ও অসহায়ভাবে জীবন-যাপন করতাম। খালের ওই জায়গায় মাছ চাষ করে আমাদের ভাগ্য পরিবর্তন করেছি।
এখন খাল কাটলে আমাদের মাছের ঘের থাকবে না। বাড়িঘরও ভেঙে দেবে বলছে কেউ কেউ। এ বিষয়ে খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ডুমুরিয়া) বিকাশ সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন- আপনি যা পারেন তাই লেখেন। খুলনা পাউবি নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেনের কাছে জানতে চাইলে তিনি বলেন- সবার সঙ্গে কথা বলে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কারও ক্ষতি না হয় সেভাবেই খনন করা হবে। তবে এখনই কাটার জন্য এসকেভেটর নেয়া হয়েছে- সেটা তার জানা নেই বলে জানান।









































