Home খেলাধুলা বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে নিলেন হরভজন

বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে নিলেন হরভজন

11


স্পোর্টস ডেস্ক।।

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অনেক দেশেই বিশ্বকাপ সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। বড় আসর সামনে আসলেই অনেক খ্যাতিমান সাবেক ক্রিকেটার-ধারাভাষ্যকাররা নিজেদের পছন্দের দলকে এগিয়ে রাখেন। অনেকেই বেছে নেন চার সেমিফাইনালিস্ট।

ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং-ও বেছে নিলেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টের নাম। বিশ্বকাপের শেষ চারে কোন কোন দল যাবে, তাদের নাম জানিয়ে দিয়েছেন কিংবদন্তি এই স্পিনার।

দলগুলোর সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চার দলের নাম জানিয়েছেন হরভজন। তবে ফেবারিটের তালিকায় রাখেননি দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে।

হরভজন বলেছেন, আমি মনে করি বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ রয়েছে ভারতের। ঘরের মাঠে খেলার সঙ্গে তারা খুবই শক্তিশালী দল। অন্যদের থেকে কন্ডিশন ভালো জানা। তবে বিশ্বকাপের চাপ যেহেতু ভিন্ন তাই অন্যদের থেকে ভালোভাবে সামলানোও জানতে হবে। এটাই তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।

বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে বাকি তিন দল হচ্ছে-অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

গণমাধ্যমে হরভজন বলেন, যেকোনো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল অস্ট্রেলিয়া। সাম্প্রতিক পারফরম্যান্স হিসেবে দক্ষিণ আফ্রিকাও অন্যতম দল। তারা সম্প্রতি অবিশ্বাস্য পারফর্ম করেছে। স্পিনারদের কারণে আফগানিস্তানও শক্তিশালী দল। আমার মতে, এই কন্ডিশনে যেকোনো দলকেই হারাতে পারে তারা। এরাই হচ্ছে আমার শেষ চারের দল।