মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য সম্পর্কে মিথ্যাচার করে সাংবাদি সম্মেলন করায় মণিরামপুরে উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা আ’লীগ ও তার অঙ্গসংগঠন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে মণিরামপুর বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রাস্তার দুইধারে দাঁড়িয়ে কর্মসূচীতে অংশ নিয়ে হাজরো নেতা-কর্মী ও সমর্থকরা নাজমা খানমকে ধিক্কার জানান। এসময় তারা নাজমা খানমকে বয়কটসহ প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের পক্ষে শ্লোগান দেন।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, জিএম মজিদ, এসএম আলা উদ্দীন, মনিরুজ্জমান মনি, গাজী মাযাহারুল আনোয়ার, মুরাদুজ্জামান মুরাদ, ফজলুর রহমান প্রমূখ এসময় উপস্থিত ছিলেন ।
সমাবেশ শেষে প্রতিমন্ত্রী সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও ভূল তথ্য উপস্থাপন করে চেয়ারম্যান নাজমা খানমের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদ করে প্রেস ব্রিফিং করেন কাজী মাহমুদল হাসান।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,
ব্যক্তিগত আক্রোশের বহি:প্রকাশ ঘটাতে গিয়ে শুধু প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য নন, দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন নাজমা খানম। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার সহধর্মিনীসহ পরিবারের সদস্যরা যখন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, যখন তার সুস্থ্যতা কামনায় উপজেলায় মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন দোয়া প্রার্থনা করছে ঠিক তখনই চেয়ারম্যানের এমন ন্যাক্কার জনক মিথ্যাচার উপজেলাবাসীকে শুধু হতাশ নয়, ব্যথিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।
গত ১৪ অক্টোবর প্রেসক্লাব যশোরে সাংবাদিক সম্মেলন করে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে নিয়ে নানা বক্তব্য দেন নাজমা খানম। তারপর থেকে নাজমা খানমের উপর অসন্তোষে ফেটে পড়েন মণিরামপুর উপজেলা আ’লীগসহ স্বপন ভট্টাচার্যের সমর্থকরা।











































