Home জাতীয় ১৮ অক্টোবর থেকে প্রতিদিন ৩ ঘণ্টা ইন্টারনেট বন্ধ

১৮ অক্টোবর থেকে প্রতিদিন ৩ ঘণ্টা ইন্টারনেট বন্ধ

20

আসাদুজ্জামান ইমন, ঢাকা

শহরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ঝুলন্ত ক্যাবল অপসারণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ১৮ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট তিন ঘণ্টা সারাদেশে বাসাবাড়ি, অফিস ও ব্যাংকসহ সকল পর্যায়ে ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি এবং ক্যাবল টিভি বন্ধ রাখার প্রতীকী কর্মসূচী গ্রহণ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও ক্যাবল অপারেটর্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। আগামী ১৭ অক্টোবরে বিনা নোটিসে বৈদ্যুতিক খুঁটি থেকে ক্যাবল অপসারণের সিদ্ধান্ত থেকে ডিএসসিসিকে সরে আসার আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।

সোমবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক বিনা নোটিসে বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেট ও ক্যাবল টিভি নেটওয়ার্ক অপসারণের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে কোয়াব ও আইএসপিএবি আয়োজিত সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন আইএসপিএবির সাধারণ সম্পাদক এমদাদুল হক, কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এস কে আনোয়ার হোসেনসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিনা নোটিসে বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেট ও ক্যাবল টিভি নেটওয়ার্ক অপসারণের হঠকারী সিদ্ধান্তের কারণে গত দুই মাসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্টারনেট ক্যাবল টিভি অপারেটর ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম লিখিতভাবে পাঁচ দফা দাবি জানান। দাবিগুলো হলো লাস্ট মাইল ক্যাবলের স্থায়ী সমাধান না করা পর্যন্ত কোন ঝুলন্ত ক্যাবল অপসারণ করা যাবে না। আইএসপিএবি, কোয়াব, বিটিআরসি, এনটিটিএন এবং সিটি কর্পোরেশনের সমন্বয়ে লাস্ট মাইল ক্যাবল স্থাপন করা হয়েছে কিনা তা নিশ্চিত করে একটি কমিটির মাধ্যমে সরেজমিন তদন্ত ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক বাসাবাড়ি, অফিস, ব্যাংকসহ সকল পর্যায়ে ইন্টারনেট ক্যাবল টিভি সেবার মূল্য নির্ধারণ করতে হবে। গ্রাহক পর্যায়ে ইন্টারনেট পরিষেবা স্বল্পমূল্যে দেয়ার লক্ষ্যে এনটিটিএনের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, যোগাযোগ প্রযুক্তি ছাড়াও বর্তমানে করোনা পরিস্থিতিতে শিক্ষা ও চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ বেশকিছু গুরুত্বপূর্ণ খাতে ইন্টারনেট কার্যকরী ভূমিকা রাখছেন। এর মধ্যে সরকারী-বেসরকারী পর্যায়ে ভিডিও কনফারেন্স, শিক্ষার্থীদের অনলাইন ক্লাস, অনলাইনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়-বিক্রয়, বাড়িতে বসে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সেবা নিচ্ছে গ্রাহকরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিনা নোটিসে বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেট ও ক্যাবল টিভি নেটওয়ার্ক অপসারণের কারণে আজ গ্রাহকরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।