Home আন্তর্জাতিক বিলুপ্তির ঝুঁকিতে টাইগ্রিস নদী

বিলুপ্তির ঝুঁকিতে টাইগ্রিস নদী

9


আন্তর্জাতিক ডেস্ক।।

শেখ নিধাম ক্রেইদি আল সাবাহি, বিশ্বের অন্যতম প্রাচীন জ্ঞানবাদী ধর্মের একজন নেতা হিসেবে, এমনকি পান করার জন্যও শুধুমাত্র প্রবহমান নদীর জল ব্যবহার করতে পারেন। ৬৮ বছর বয়সী এই ধর্মগুরু একটি সাধারণ বাদামি রঙের আলখাল্লার ওপর লম্বা ধূসর দাড়ি ও সমপরিমাণ লম্বা চুল ঢেকে রাখা একটি সাদা টুপি পরিধান করেন। কারণ, ধর্মগুরুদের চুল কাটা নিষিদ্ধ। তিনি বলেন, তিনি কখনও টাইগ্রিস নদীর জল পান করে অসুস্থ হননি এবং বিশ্বাস করেন নদীর জল যতক্ষণ প্রবাহিত হচ্ছে ততক্ষণ তা পরিষ্কার। কিন্তু সত্য হলো, অদূর আগামীতে হয়তো এই প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে।

ইরাকের বিখ্যাত টাইগ্রিস নদী মারাত্মকভাবে দূষিত ও শুকিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। নদীটিকে বাঁচাতে জরুরি পদক্ষেপ না নিলে এর তীরে বসবাসকারী প্রাচীন সম্প্রদায়গুলোর জীবনযাত্রার মৌলিক পরিবর্তন ঘটবে।

দক্ষিণ ইরাকের আমরাহ শহরে নদীর তীরে বসবাসকারী মান্দিয়ান ধর্মীয় নেতা শেখ নিধাম বলেন, ‘জল নেই, জীবন নেই।’

মান্দিয়ানরা হলো বিশ্বের প্রাচীনতম জ্ঞানবাদী ধর্মগুলোর মধ্যে একটির সদস্য। এক হাজার বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ ইরাক, বিশেষ করে মেসান প্রদেশ তাদের মাতৃভূমি। প্রাদেশিক রাজধানী আমরাহ টাইগ্রিস নদীর চারপাশে গড়ে উঠেছে। জল তাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু এবং জীবনের প্রতিটি বড় ঘটনায় আচারগত শুদ্ধিকরণ প্রয়োজন হয়। বিবাহ অনুষ্ঠান শুরু হয় জলে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে মান্দিয়ানদের চূড়ান্ত শুদ্ধির জন্য নদীতে নিয়ে যাওয়া উচিত।

শেখ নিধাম ব্যাখ্যা করেন, ‘আমাদের ধর্মের জন্য জলের গুরুত্ব বাতাসের মতো। জল ছাড়া জীবনের অস্তিত্ব থাকবে না। সৃষ্টির শুরুতে আদম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ। আদমের আগে জল ছিল এবং জল ছিল আদমকে সৃষ্টিকারী উপাদানগুলোর মধ্যে একটি।’

টাইগ্রিস হলো সেই দুটি বিখ্যাত নদীর মধ্যে একটি, যা মেসোপটেমিয়াকে ঘিরে রেখেছে। নদীটি দক্ষিণ-পূর্ব তুরস্কে উৎপন্ন হয়ে ইরাকের দুটি বৃহত্তম শহর মসুল ও বাগদাদের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ইউফ্রেটিসের সঙ্গে মিলিত হয়।

এই নদীগুলোর তীরেই বিশ্বের ইতিহাস পরিবর্তিত হয়েছিল। এখানে প্রথম বড় আকারের কৃষির বিকাশ ঘটে, প্রথম লেখালেখি শুরু হয় এবং চাকার আবিষ্কার হয়। আজ টাইগ্রিসের জল সেচ, পরিবহন, শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং এর অববাহিকায় বসবাসকারী আনুমানিক ১৮ মিলিয়ন ইরাকির পানীয় জলের জন্য ব্যবহৃত হয়।

গত কয়েক দশকে নদীর স্বাস্থ্য খারাপ হচ্ছে। নদীর জলের পরিমাণ নাটকীয়ভাবে কমে গেছে। ৩০ বছরে তুরস্ক টাইগ্রিসের ওপর প্রধান বাঁধ নির্মাণ করেছে, যার ফলে বাগদাদে পৌঁছানো জলের পরিমাণ ৩৩ শতাংশ কমে গেছে। ইরাকের অভ্যন্তরেও জলের অতিরিক্ত ব্যবহার হয়, বিশেষ করে কৃষি খাতেÑ যা দেশের ভূপৃষ্ঠের জলের কমপক্ষে ৮৫ শতাংশ ব্যবহার করে।

জলবায়ু সংকটও প্রভাব ফেলছে। ইরাকে বৃষ্টিপাত ৩০ শতাংশ হ্রাস পেয়েছে এবং দেশটি প্রায় এক শতাব্দীর মধ্যে সবচেয়ে খারাপ খরার কবলে রয়েছে। এই গ্রীষ্মে, টাইগ্রিসে জলের স্তর এত নিচে নেমে গিয়েছিল যে, মানুষ সহজেই হেঁটে নদী পার হতে পারছিল।