Home স্বাস্থ্য শীতে আরামে ফ্যাশনে চাদর

শীতে আরামে ফ্যাশনে চাদর

30


নিশাত তানিয়া।।

চাদর দিয়ে যত সহজে শীত নিবারণ করা যায়, অন্য কোনো পোশাকে হয়তো এতটা সহজ হয় না। তবে দিন বদলে গেছে, তাই চাদর এখন শুধু শীত নিবারণের জন্য ব্যবহৃত হয় না, এটি হয়ে উঠেছে ফ্যাশনেরও একটি অনুষঙ্গ। সময়ের প্রয়োজনে তরুণ প্রজন্মের কাছে শাল বা চাদরের কদর বেড়েছে আগের চেয়ে অনেক বেশি, বিশেষ করে এই সময়ের হালকা শীতে। দেশের বিভিন্ন ফ্যাশন হাউস ঘুরে বিস্তারিত লিখেছেন নিশাত তানিয়া

আমাদের দেশে বিভিন্ন ডিজাইন ও মোটিফের চাদর পাওয়া যায়। নজরকাড়া এসব চাদরের বুনন আর ডিজাইন খুব চমৎকার। ফ্যাশনসচেতন মেয়েদের পছন্দের তালিকায় এসব চাদর সবকিছুর ওপরে, আর তাই তাদের প্রথম পছন্দ খাদি চাদর। তবে অনেকে আবার শীতের বুড়িকে বশ করতে খদ্দর বা মোটা উলের চাদর বেছে নেন। তবে সেই সময়টা এখনও আসেনি। তাই হালকা থেকে মাঝারি শীতে এর জন্য দারুণ সব কালেকশন এনেছে ফ্যাশন হাউস অম্বর। এর স্বত্বাধিকারী শ্রাবণী রায় বলেন, আমাদের শালগুলোর মেটেরিয়াল উলের। এই শালগুলো সকাল ও সন্ধ্যার শীতে পরার জন্য খুবই উপযোগী। সবগুলোই ডিজিটাল প্রিন্টেড। আর দামও হাতের নাগালেই- ১৫৮০ করে। একেকটি একেক ধরনের, আবার কোনোটা বেশ কয়েকটি রঙের সমন্বয়ে হওয়ায় সহজেই অনেকগুলো পোশাকের সঙ্গে মিলে যাবে।

সিল্ক, খাদি, পশমি সুতা, মোটা সুতি ইত্যাদি কাপড়ের ওপর নির্মিত হচ্ছে আমাদের দেশের ফ্যাশন হাউসগুলোর শীতের চাদর। বিভিন্ন মোটিফের চাদরে প্রাধান্য পাচ্ছে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি। থাকছে নানা রকম সেলাই ও নকশার কাজ। এ ছাড়া জরি, পুঁতি, চুমকি ও পাথরের করা চাদরও রয়েছে তরুণীদের চাহিদার তালিকায়। শাহবাগ আজিজ সুপার মার্কেটের অনেক ফ্যাশন হাউস সংগ্রহে রেখেছে বিখ্যাত কবিদের কবিতার চরণ, চিত্রশিল্পীদের চিত্রকর্মের নকশা করা চাদর। এসব চাদরের ক্যানভাসে ফুটে উঠেছে আবহমান গ্রামবাংলার দৃশ্য ও স্লোগান।

আড়ংয়ে জনপ্রিয় অনুষঙ্গের মধ্যে একটি হলো পাতলা চাদর। কিছু রয়েছে ঐতিহ্যবাহী আবার কিছু নতুন নকশার। হাতের কাজ করা নরম সিল্ক ও টাইডাইয়ের ওড়নাও এখন ফ্যাশনে বেশ জনপ্রিয়। দুই বা তিন রঙে টাইডাই করা হয়। জর্জেট ও সুতি- দুটি কাপড়েই টাইডাই করা পাতলা শাল বা ভারী কাজের ওড়না তৈরি হচ্ছে। সুতির কাপড়ের পাশাপাশি উজ্জ্বল ও নরম ভিসকস রয়েছে আকর্ষণে। এ ছাড়া রয়েছে লেসের ব্যবহার। অনেকে চওড়া বা সরু লেস ডিজাইন করে চাদরে বসান। মসলিন ও জর্জেটের ওপর সাধারণত লেস লাগানো হয়। জমকালো পোশাকের সঙ্গে এই চাদরগুলো ব্যবহার করা হয়।

দেশি দশের শোরুমে নানা রঙের চাদর যেমন রয়েছে, তেমনি রয়েছে একই চাদরে অনেক রঙের সমাবেশ। এর সুবিধা হচ্ছে, একটি চাদর দু-তিনটি পোশাকের সঙ্গে মিলিয়ে পরা যায় সহজেই। শেডের চাদরের চাহিদাও রয়েছে বেশ। উজ্জ্বল রঙের কামিজের সঙ্গে এক শেড গাঢ় বা হালকা রঙের চাদর বা ওড়না ভালো লাগবে। শুধু এক রঙের সালোয়ার-কামিজের সঙ্গে নিন মাল্টিকালার। সুতির পোশাকের সঙ্গে সুতি ভালো মানায়। অন্যদিকে সিল্কের সঙ্গে নিতে পারেন সিল্ক, মসলিন, ধুপিয়ান এমনকি জর্জেট কাপড়ের তৈরি ওড়না। শুধু কামিজ নয়; ফতুয়া, কুর্তা, টপ, টি-শার্ট ও শার্টের সঙ্গেও পরতে পারেন নানা রঙের পাতলা চাদর। তবে সব পোশাকে বড় চাদর মানায় না। মানিয়ে যায় ছোট পাতলা শাল। এমব্রয়ডারি করা শালও পাওয়া যায়। জর্জেট ও সুতির চাদরে এমব্রয়ডারি বেশি দেখা যায়। নানা রকমের পাড় ব্যবহার করা হয় বিভিন্ন চাদরে। সুতি, ক্রুশের কাজ, নেটের কাজ করা পাড়ও দেখা যায়।

এ ছাড়া রয়েছে নেটের চাদর। এগুলো সাধারণত কিছুটা জমকালো হয়ে থাকে। ওড়নাগুলোতে দেওয়া হচ্ছে ভারী কাঁথা স্টিচ, ভেজিটেবল ডাই, স্ক্রিন প্রিন্টের ও কোলাজের কাজ। তবে দেশি চাদর ছাড়াও বিদেশি চাদরের চাহিদা রয়েছে আমাদের দেশে। বিশেষ করে কাশ্মীরি পশমিনা চাদর জনপ্রিয়তার শীর্ষে। তবে আমাদের দেশেও এখন তৈরি হচ্ছে পশমিনা চাদর। এ ছাড়া লুদিয়ানা, জয়পুরি, চায়নিজ, বার্মিজ ও ইরানি চাদর হতে পারে শীতের অন্যতম ফ্যাশন। তবে আপনি চাইলে একরঙা চাদরে নিজের ইচ্ছেমতো নকশা করে ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে শীতের ফ্যাশনে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারবেন। বর্তমানে চাদরের ফ্যাশনে এগিয়ে আছে তরুণ প্রজন্ম। রংবেরঙের চাদর প্রয়োজনের পাশাপাশি হয়ে গেছে ফ্যাশনের একটি অংশ। তাই শুধু মেয়েদের জন্য নয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে ছেলেদের চাদরেও এসেছে বৈচিত্র্য। দেশি খাদি ও আদিবাসী শাল বেশ জনপ্রিয় ছেলেদের কাছে। টি-শার্ট, ফতুয়া কিংবা পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে পরতে পারেন নজরকাড়া এসব চাদর।