Home আঞ্চলিক খুলনায় আদালত চত্বরে জোড়াখুনের ঘটনায় অন্যতম আসামি গ্রেপ্তার

খুলনায় আদালত চত্বরে জোড়াখুনের ঘটনায় অন্যতম আসামি গ্রেপ্তার

77

স্টাফ রিপোর্টার।।

খুলনার আদালত চত্বরে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ইজাজুল হোসেন নামে এক অন্যতম আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।


র‍্যাব-৬ এর অধিনায়ক জানান, খুলনা মহানগর ও দায়রা জজ আদালত চত্বরে প্রকাশ্য দিবালোকে সংঘটিত ডাবল মার্ডারের ঘটনায় বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও মোবাইল ভিডিও বিশ্লেষণ করে মোট সাতজনকে শনাক্ত করে র‍্যাব। এর মধ্যে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে ইজাজুল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

র‍্যাব জানায়, অভ্যন্তরীণ কোন্দল, মাদক কেনাবেচা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। র‍্যাব সূত্র আরও জানায়, গতকাল ১৭ ডিসেম্বর বিকেলে খুলনা মহানগরীর রূপসা নদীর অপর পাড়ে আইচগাতি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. ইজাজুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইজাজুল বাবা ফারুক হোসেন। তার বাড়ি রূপসা থানার আইচগাতি এলাকায়।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর দুপুরে খুলনা মহানগর ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদার (৪০) আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ড মুহূর্তেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

র‍্যাব জানায়, খুলনা মহানগরীতে সক্রিয় দুইটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার ও শক্তিমত্তা প্রদর্শনের অসুস্থ প্রতিযোগিতার জেরেই এ হত্যাকাণ্ড। বিশেষ করে মাদক বিক্রির টাকা ভাগাভাগি, চাঁদা উত্তোলনসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিরোধ চরমে পৌঁছায়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে বাকি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের না হলেও ঘটনার তিনদিন পর খুলনা সদর থানার পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।