কয়রা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার কয়রা-বেতগ্রাম আঞ্চলিক সড়কের একটি বাঁক সরলীকরণ নিয়ে সৃষ্ট জটিলতায় থমকে গেছে প্রায় ৪শ কোটি টাকা ব্যয়ের সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ। সড়কের বাঁকটি পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারের ফকিরবাসা এলাকায় অবস্থিত। জটিলতা নিরসনে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগ (সওজ) যৌথভাবে একাধিকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে।
নকশা অনুযায়ী বাঁকটি সরলীকরণের কাজ শেষ করতে পারলেই প্রকল্পের অন্যান্য কাজ দ্রুত সম্পন্ন হবে বলে দাবি করেছেন প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্টরা।
জানা গেছে, প্রায় ৬৪ কিলোমিটার দৈর্ঘ্যের কয়রা-বেতগ্রাম আঞ্চলিক সড়কটি যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হয় ২০২০ সালের ১ জানুয়ারি। এ প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল ৩৪টি ঝুঁকিপূর্ণ বাঁক সরলীকরণ এবং সড়ক প্রশস্ত ও মজবুতকরণের মাধ্যমে উপকূলের কয়েক লাখ মানুষের জেলা শহরে যাতায়াত নির্বিঘ্ন করা। ২০২২ সালের ৩০ জুন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও একাধিকবার সময় বাড়িয়ে এখন পর্যন্ত ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের আওতায় থাকা অধিকাংশ ঝুঁকিপূর্ণ বাঁক সরলীকরণের কাজ কোনো ঝামেলা ছাড়াই শেষের পথে। মাত্র একটি বাঁকের জটিলতার কারণে প্রকল্পের চলমান কাজ থমকে গেছে।
কপিলমুনি এলাকার বাসিন্দাদের ভাষ্য, খুলনা ও সাতক্ষীরা জেলার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়িক মোকাম কপিলমুনি। সপ্তাহের প্রতি রবি ও বৃহস্পতিবার সেখানে হাট বসে। বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা পাইকারি মালপত্র কিনতে আসেন হাটে। গত ৪ বছরেরও বেশি সময় ধরে সড়কটির এ অংশের বেহাল দশায় গুরুত্বপূর্ণ এ বাজারে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন ক্রেতারা। দ্রুত জটিলতা নিরসন করে এ ঝুঁকিপূর্ণ বাঁক সরলীকরণের মাধ্যমে যাতায়াত নির্বিঘ্নের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় গাড়িচালকরা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ কপিলমুনির বাজারের অদূরে সড়কের এ বাঁকটির কারণে প্রায়ই দুর্ঘটনায় পড়তে হচ্ছে তাদের। তাছাড়া কাজ অসমাপ্ত রাখায় সড়কের প্রায় দুইশ মিটারজুড়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই সেসব গর্তে পানি জমে দুর্ভোগ আরও বেড়ে যায়।
গত ১৫ ডিসেম্বর সড়কের ওই বাঁকের জমি ও স্থাপনা অধিগ্রহণ বিষয়ে প্রকৃত জমি মালিকদের নিয়ে গণশুনানির আয়োজন করে খুলনা জেলা প্রশাসন। সেখানে জমি মালিকরা তাদের জমি ও স্থাপনার দাম পুনঃনির্ধাণের পাশাপাশি প্রকল্পের নকশা পরিবর্তনেরও দাবি তোলেন। এ অবস্থায় হট্টগোলের মধ্যে দিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই গণশুনানি শেষ হয়।
শুনানিতে উপস্থিত থাকা নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা কমিটির সভাপতি এইচ এম শফিকুল ইসলাম বলেন, এখানকার মূল সমস্যা হলো–বাঁক সরলীকরণের জন্য অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার অর্থ দাবি নিয়ে। আবার সরকারি পেরিফেরিভুক্ত জমি অনেকেই নিজ নামে রেকর্ড করেছেন, তবে তাদের দলিল নেই। অধিগ্রহণের টাকা পাওয়ার জন্য জেলা প্রশাসন থেকে জমির বৈধ কাগজপত্র হাজির করতে বলায় বিপত্তি বেধেছে। যে কারণে অনেকেই চাইছেন না সড়কের এই স্থানে বাঁক সরলীকরণের কাজ সম্পন্ন হোক।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বাঁক সরলীকরণের ওই স্থানের একপাশে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসা রয়েছে। অধিগ্রহণের চিঠি পাওয়ার পর প্রতিষ্ঠানটির অংশের স্থাপনা ভেঙে নির্মাণকাজের সুযোগ করে দেওয়া হয়েছে। তার সামনে শেখ সামজেদুল ইসলাম ও দীপঙ্কর মণ্ডল নামে দুই ব্যক্তির আরও দুটি স্থাপনা রয়েছে। অধিগ্রহণের চিঠি পাওয়ার পরও সে দুটি স্থাপনা ভাঙা হয়নি। দীপঙ্কর ও শেখ সামজেদুল ইসলামের দাবি, নকশা পরিবর্তন করে সড়কের বিপরীত পাশের স্থাপনা সরালে বাঁক সরলীকরণ সহজ হবে। তা নাহলে আরেকটি বাঁকের সৃষ্টি হতে পারে।
কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জামিরুল ইসলাম বলেন, কয়রা-বেতগ্রাম সড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাঁক এটি। দুর্ঘটনা এড়াতে এই বাঁকটি সোজা করা জরুরি মনে করে অধিগ্রহণের চিঠি পাওয়ার পরই তারা মাদ্রাসা অংশের স্থাপনা সরিয়ে ফেলেছেন। অথচ তার সামনের অংশের দুটি স্থাপনা দীর্ঘদিনেও সরানো হয়নি।
প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজের ব্যবস্থাপক হুমায়ুন কবির খোকন বলেন, প্রকল্পের সমগ্র কাজের মধ্যে মাত্র ২শ মিটার একটি বাঁক সরলীকরণের জন্য বড় ঝামেলা সৃষ্টি হয়েছে। সময়-অসময়ে সব কাজ বন্ধ করে সেখানে সময় দিতে হচ্ছে। এতে প্রকল্পের অন্য কাজে সমস্যা সৃষ্টি হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) দীপঙ্কর দাশ বলেন, সড়কের বাঁক সরলীকরণের জন্য ওই স্থানে প্রায় ১২ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৪ শতাংশ জমি সরকারি পেরিফেরিভুক্ত রয়েছে। ওই জমির ওপর স্থাপনার ক্ষতিপূরণ দাবি নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে।
সওজের নির্বাহী প্রকৌশলী তানিমুল হক বলেন, প্রকল্পের আওতায় ৩৪টি ঝুঁকিপূর্ণ বাঁক সরলীকরণের কাজ ঝামেলা ছাড়াই শেষ হতে চলেছে। কেবল একটিমাত্র বাঁকেই জটিলতা সৃষ্টি হয়েছে।











































