স্টাফ রিপোর্টার
নবাগত খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাহিদুল হাসান খুলনার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভায় বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ও অনমনীয় থাকবে পুলিশ, পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা এবং সেবার মান উন্নয়নে সমান গুরুত্ব দেয়া হবে। মাদক, সন্ত্রাসী কার্যক্রম, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি মেনে চলা হবে কেএমপির বর্তমান কর্মকান্ড। এ ক্ষেত্রে, গণমাধ্যমের ভূমিকা পুলিশের জন্য সহায়ক হবে। সাংবাদিকেরা হচ্ছেন সমাজের চোখ ও কান। সাংবাদিকরা জনগণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন রচনা করেন। তাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং পুলিশিং কার্যক্রমে মুখ্য ভুমিকা পালন করে গণমাধ্যম কর্মীরা।
বুধবার দুপুরে কেএমপি সদর দপ্তরের সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় কেএমপি কমিশনার বলেন, খুলনা হচ্ছে অর্থনীতির এক প্রাণকেন্দ্র। এখানকার শিল্প, বন্দর, কৃষি এবং সমৃদ্ধ সামাজিক ব্যবস্থা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অপরিহার্য। আমার দৃষ্টিতে, একটি আধুনিক, জনবান্ধব এবং জবাবদিহিমূলক পুলিশ বাহিনী গড়ে তোলাই পুলিশের মূল লক্ষ্য। তাই পুলিশ হবে জনগণের আশ্রয়স্থল, যেখানে ন্যায়বিচার, স্বচ্ছতা এবং মানবিক মর্যাদা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
নবাগত পুলিশ কমিশনার আরো বলেন, খুলনার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য করা হবেনা।
এসময় কেএমপির এডিশনাল কমিশনার রাশিদুল ইসলাম ও শাহনেওয়াজ ডেপুটি কমিশনার সদর তাজুল ইসলাম ও ডেপুটি কমিশনার সদর দপ্তর শাকিল আহমেদসহ কেএমপির সহকারী কমিশনার বৃন্দ উপস্থিত ছিলেন।
গনমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, সাংবাদিক আনিসুজ্জামান, আবু হেনা মোস্তফা জামাল পপলু, এইচ এম আলাউদ্দিন, রকিবুল ইসলাম মতি, সোহরাব হোসেন, মো: এরশাদ আলী, কনক রহমান, মহেন্দ্র নাথ সেন, সৈয়দ হুমায়ুন কবীর, আশরাফুল ইসলাম নুর, অভিজিৎ পাল, আহম্মদ মুসা রন্জু, হাসান হিমালয়, নুর ইসলাম রকি, সোহেল আহম্মেদ প্রমুখ।
কেএমপি কমিশনার আরো বলেন,সৎ ও পেশাদার সাংবাদিকতা শুধু গণতন্ত্রের জন্য শক্তিশালী করে না, এটি একটি সুশীল সমাজ গঠনে বড় সহায়ক ভুমিকা পালন করে। খুলনা মেট্রোপলিটন পুলিশ তথ্য প্রকাশে স্বচ্ছতা বজায় রাখা এবং সাংবাদিকদের সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বাড়ানো হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।











































