ঢাকা অফিস
ঢাকা-১৮ আসনের উপ নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় ডিম, পাথর নিক্ষেপ ও হামলার ঘটনায় মহানগর উত্তর বিএনপির ১২ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠণতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হল। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বহিষ্কৃতরা হলেন দক্ষিণখান থানা বিএনপির সহ-সভাপতি ফুল ইসলাম, সদস্য নাজিমউদ্দিন দেওয়ান, আমজাদ হোসেন, ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোখলেছ, উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, মতিউর রহমান মতি, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ হান্নান মিলন, দফতর সম্পাদক হাবিবুর রহমান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল কাদের স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, উত্তর খান থানা বিএনপির সদস্য নূর মোহাম্মদ।
এর আগে শনিবার (১০ অক্টোবর) ঢাকা-১৮ আসনের মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা মির্জা ফখরুলের বাসায় ইট-পাথর ও ডিম নিক্ষেপ করে। এ ঘটনায় চরম ক্ষুব্ধ হয় হাইকমান্ড। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেয়ার দাবি জানায়, স্থায়ী কমিটিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।
জানা গেছে, হামলার ঘটনা কারা কারা উপস্থিত ছিলেন ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়। এরপর তাদের সঙ্গে কথা বলে এ ঘটনার পেছনে কারা জড়িত তাদের শনাক্ত করা হয়। ঘটনায় জড়িত থাকার উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এসব নেতাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়।










































