স্টাফ রিপোর্টার।।
নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকার খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজু২)-এ প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগকে ঘিরে ঘটেছে নজিরবিহীন তুঘলকি কাণ্ড। কোনো নিয়োগ পরীক্ষা বা বোর্ড সভা ছাড়াই এক দিনের মধ্যে প্রকল্প পরিচালক পদে নিয়োগ পেয়েছেন নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক এমপি শেখ জুয়েলের ঘনিষ্ঠজন ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা হিসেবে পরিচিত। গেল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে প্রস্তাব পাঠানোর কয়েক ঘণ্টার মধ্যেই সন্ধ্যায় আদেশ জারি হওয়ায় খুলনা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা হতবাক হয়ে পড়েন। বিষয়টি প্রকাশ্যে আসতেই ওয়াসা ভবনে চরম অসন্তোষ ও বিভাজন দেখা দিয়েছে।
বিধি উপেক্ষা করে নিয়োগ: সূত্র জানায়, এই প্রকল্পে প্রকল্প পরিচালক হিসেবে অন্তত ৪র্থ গ্রেডের প্রকৌশলী থাকা বাধ্যতামূলক, অথচ রাজনৈতিক তদবির ও প্রভাব বিস্তারের অভিযোগের মধ্যেই ৬ষ্ঠ গ্রেডের একজন প্রকৌশলীকে পিডি (রুটিন দায়িত্ব) হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এতে ওয়াসার ভেতরে ক্ষোভের আগুন জ্বলছে। এক পক্ষ এ নিয়োগে সন্তুষ্ট হলেও বড় একটি অংশ একে নীতিবহির্ভূত ও রাজনৈতিক পুনর্বাসন বলে মনে করছেন।
ফোকাল পার্সন সরানো ছাড়াই নতুন পিডি!: খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ)-২ এর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয় গত ৯ ডিসেম্বর। বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ জুন ২০৩০ পর্যন্ত। এই প্রকল্পে ফোকাল পার্সন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন নির্বাহী প্রকৌশলী মো. কামাল হোসেন পিইঞ্জ, যিনি ২০২৩ সাল থেকে এডিবির সঙ্গে সকল সমন্বয় করে আসছেন। তাকে ওই দায়িত্ব থেকে অপসারণ না করেই হঠাৎ করে নতুন পিডি নিয়োগ দেওয়ায় দুই প্রকৌশলীর মধ্যে ঠাণ্ডা লড়াই শুরু হয়েছে, যার প্রভাব পড়েছে পুরো ওয়াসা জুড়ে।
নিয়োগ বোর্ডেই ডাকা হয়নি! অভিযোগ রয়েছে, প্রকল্প পরিচালক পদে খুলনার চারজন প্রকৌশলী আবেদন করেন— সেলিম আহমেদ (৫ম গ্রেড), মো. রেজাউল ইসলাম (৬ষ্ঠ গ্রেড), মো. কামাল হোসেন পিইঞ্জ (৫ম গ্রেড), আরমান সিদ্দিকী (৬ষ্ঠ গ্রেড)। কিন্তু তাদের কাউকেই নিয়োগ বোর্ডে ডাকা হয়নি। এরপরও রহস্যজনকভাবে মো. রেজাউল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।
আদেশে তথ্য বিভ্রান্তি: স্থানীয় সরকার বিভাগ পরিকল্পনা-৩ শাখার উপ-সচিব ইবাদত হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে— “খুলনায় গ্রেডভুক্ত কর্মকর্তা না থাকায় ৬ষ্ঠ গ্রেডভুক্ত একমাত্র কর্মকর্তা হিসেবে মো. রেজাউল ইসলামকে পিডি (রুটিন দায়িত্ব) দেওয়া হলো।” কিন্তু বাস্তবে মো. রেজাউল ইসলাম ৬ষ্ঠ গ্রেডের কর্মকর্তা, আর ৫ম গ্রেডের কর্মকর্তা হলেন সেলিম আহমেদ। আদেশে এই তথ্যগত বিভ্রান্তি নিয়েই প্রশ্ন উঠেছে।
এমডি যোগদানের দিনই চাপ: সূত্র জানায়, ১০ ডিসেম্বর খুলনা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান যোগদান করেন। পরদিন অফিসে এসেই তিনি পড়েন চাপের মুখে। সেদিন সকালে ওয়াসা ভবনে উপস্থিত হন বোর্ড সদস্য ও ছাত্র প্রতিনিধি ইব্রাহিম খলিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচিত সমন্বয়ক নুসরাত তাবাসসুম, এনসিপি নেতা অহিদুজ্জামানসহ কয়েকজন। অভিযোগ রয়েছে, মন্ত্রণালয়ের নাম ভাঙিয়ে এমডিকে নির্দিষ্ট একটি নাম পাঠাতে বাধ্য করা হয়। তাদের ওয়াসা ভবন ত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই মন্ত্রণালয় থেকে পিডি নিয়োগের আদেশ চলে আসে।
‘মোটা অঙ্কের লেনদেন’ নিয়ে গুঞ্জন: ওয়াসা সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করেছে, দুই বোর্ড সদস্য ও ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে মোটা অঙ্কের লেনদেনের বিনিময়ে এই নিয়োগ নিশ্চিত করা হয়েছে। যদিও সংশ্লিষ্টরা তা অস্বীকার করেছেন, তবে দ্রুতগতির ফাইল প্রসেসিং নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
প্রশ্নবিদ্ধ অতীত: অভিযোগ রয়েছে, একসময় ছাত্রলীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতা মো. রেজাউল ইসলাম ৫ আগস্টের পর নিজেকে ছাত্রশিবিরের সাবেক নেতা হিসেবে পরিচয় দিয়ে সুবিধা নিচ্ছেন। বৃহৎ কোনো প্রকল্পের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাকে এডিবি অর্থায়িত মেগা প্রকল্পের পিডি করায় বিস্ময় প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্টদের বক্তব্য: ফোকাল পার্সন মো. কামাল হোসেন পিইঞ্জ বলেন, “আমাকে কোনো নিয়োগ পরীক্ষায় ডাকা হয়নি। ফোকাল পার্সনের দায়িত্ব ছাড়ার কোনো আদেশও পাইনি।” প্রকৌশলী সেলিম আহমেদ বলেন, “আমরা আবেদন করলেও কাউকে বোর্ডে ডাকা হয়নি।” পিডি নিয়োগ পাওয়া মো. রেজাউল ইসলাম দাবি করেন, “সকলেরই সাক্ষাৎকার নেওয়া হয়েছে।” তবে অফিসে উপস্থিত থাকার দিনেই সাক্ষাৎকার দেওয়ার প্রশ্নে তিনি বিব্রত হয়ে ফোন কেটে দেন। নতুন এমডি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “আমি নতুন যোগদান করেছি, প্রকল্প সম্পর্কে জানি না।”
সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার: নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকার খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ)-২ এ প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগকে ঘিরে ঘটেছে নজিরবিহীন তুঘলকি কান্ডের ঘটনায় রবিবার (১৪ ডিসেম্বর) তথ্য সংগ্রহে খুলনা ওয়াসা ভবনে সংবাদকর্মীরা গেলে রেজাউলের লোকজন খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া গেছে। খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম নুর জানান, তথ্য সংগ্রহের জন্য রেজাউলের দপ্তরে গেলে তিনি নিজের রুম ছেড়ে অন্য রুমে চলে যান। এসময় তার সাথে সাথে গেলে কয়েকজন কর্মচারী তাদের সাথে মারমুখি আচরণ করেন। বিষয়টি নিয়ে সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
শুরুতেই প্রশ্নবিদ্ধ প্রকল্প: অবশেষে বিতর্কিতভাবে মো. রেজাউল ইসলামকে রুটিন দায়িত্বে পিডি করা হয়েছে। কিন্তু ওয়াসার কর্মকর্তা-কর্মচারী ও সচেতন মহলের প্রশ্ন— যে প্রকল্প শুরুতেই রাজনৈতিক পুনর্বাসনের হাতিয়ার হয়, তার বাস্তবায়ন কতটা স্বচ্ছ হবে? একাধিক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এখনই সঠিক পদক্ষেপ না নিলে খুলনা ওয়াসার ভেতরের এই চাপা ক্ষোভ যে কোনো সময় বিস্ফোরণে রূপ নিতে পারে।











































