স্টাফ রিপোর্টার।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হককে মনোনয়ন দিয়েছে। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে ১২৫ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
খুলনা সিটি করপোরেশনের ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ড অর্থাৎ নগরীর সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত খুলনা-২ আসন। এখানে এনসিপির মার্কা শাপলা কলির পক্ষে লড়বেন দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক।
প্রায় এক দশক আগে তিনি যুক্ত হন রাষ্ট্রচিন্তা নামক রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সংগঠনের উদ্যোগের সাথে। এছাড়াও ফরিদুল যুক্ত হন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাটবিরোধী আন্দোলন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে।
কোটা সংস্কার আন্দোলনের নেতাদের আহ্বানে সাড়া দিয়ে গড়ে তোলেন ছাত্র অধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম সংগঠন যুব অধিকার পরিষদ। দায়িত্ব নেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সচিব হিসেবে। সংগঠনটি ২০২১ সালে ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে প্রতিবাদী নাটক ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সীমান্তে ফেলানী হত্যার এক দশক পালন করে।
২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত করতে ভূমিকা নেন তিনি।











































