Home খেলাধুলা জেলা ফুটবল সচল করার দায়িত্ব নিজেই নিলেন কাজী সালাউদ্দিন

জেলা ফুটবল সচল করার দায়িত্ব নিজেই নিলেন কাজী সালাউদ্দিন

13

ক্রীড়া প্রতিবেদক

জেলার ফুটবল সচল করার দায়িত্ব নিজেই নিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাজী মো. সালাউদ্দিন। রোববার বিকেলে বাফুফের নবনির্বাচিত কমিটির প্রথম সভায় বেশ কয়েকটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। জেলা ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন বাফুফে সভাপতি নিজে। এর আগে তার হাতে ছিল ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব।
প্রথম সভা শেষে কাজী মো. সালাউদ্দিন মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, ‘আমি জেলা ফুটবলের দায়িত্ব নিলাম। আমি শুনি জেলায় লিগ হয় না অনেক দিন। নিজেই ওটা দেখবো, যাতে ওই গ্যাপটা পূরণ করতে কারো ওপর ভরসা করতে না হয়।’
প্রথম সভায় ২০ জনের মধ্যে ১৮জন উপস্থিত ছিলেন। অসুস্থ্য থাকায় প্রথম সভায় উপস্থিত ছিলেন না সদস্য হারুনুর রশীদ ও মাহিউদ্দিন আহমেদ সেলিম। সভা শেষে কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘আমাদের খুবই ভালো সভা হয়েছে। সবার মধ্যে আন্তরিকতা ছিল। সবাই ফুটবলে কাজ করতে এসেছে। নতুন-পুরাতন সবাই কাজের জন্য প্রস্তুত। আমরা কিছু কমিটির চেয়ারম্যান ঠিক করে দিয়েছি। কারণ, আমাদের খুব তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে।’
সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীকে এবারও প্রফেশনাল লিগ কমিটি এবং ফিন্যান্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান পদেও পুরনো মুখ কাজী নাবিল আহমেদ, মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং স্কুল ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া। এর আগে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন কাজী মো. সালাউদ্দিন। এবার সেই দায়িত্ব দেয়া হয়েছে বাফুফেতে প্রথম সহসভাপতি নির্বাচিত হওয়া আতাউর রহমান ভুঁইয়া মানিককে।
রেফারিজ কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, গত বছর ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন হারুনুর রশীদ। এবার তাকে কম্পিটিশন কমিটির চেয়ারম্যান করে লিগ কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়েছে আরেক নতু সহসভাপতি ইমরুল হাসানকে। লিগ্যাল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, বিচ ফুটবল অ্যান্ড ফুটসাল কমিটি, এথিক্স অ্যান্ড ফেয়ার প্লে কমিটি আজমল হোসেন কিউসি, প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি আখতার হোসেন খান, ডিসিপ্লিনারি কমিটি মেজবাহ উদ্দিন, আপীল কমিটি আবদুল মুয়ীদ চৌধুরীকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।

রিয়াদ বাহিনীর অনুজ্জ্বল ব্যাটিংয়ে শুরু প্রেসিডেন্টস কাপ

ক্রীড়া প্রতিবেদক

বিসিবি প্রেসিডেন্টস কাপের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে ব্যাট-বলের লড়াই শুরুর পর- দু’দফা বৃষ্টি পড়লো। প্রথম বৃষ্টি আসলো ম্যাচের ঠিক টসের আগে, ১৫ মিনিটের হালকা বৃষ্টি। এরপর মাহমুদউল্লাহ রিয়াদের দলের ইনিংসের বয়স যখন তিন ওভার, তখন আবারও বৃষ্টি শুরু হলো। তাতে খেলা বন্ধ ছিল ৪২ মিনিট; কিন্তু পৌনে এক ঘণ্টা সময় কমে যাওয়ার পরও ম্যাচের দৈর্ঘ্য ছোট হয়নি।
খেলা ৫০ ওভারেরই ছিল। তাতে টস হেরে প্রথম ব্যাট করতে যাওয়া রিয়াদের দল করলো ৮ উইকেট হারিয়ে ১৯৬ (৪৭.৩ ওভার)। সর্বোচ্চ স্কোরার অধিনায়ক রিয়াদ (৮২ বলে ৫১)। দ্বিতীয় সর্বাধিক ৪০ রান আসলো ইমরুল কায়েসের ব্যাট থেকে। উপরের এই তথ্য-উপাত্তই বলে দিচ্ছে, রান যা করার করেছেন দুই পরিণত ও অভিজ্ঞ পারফরমার। তরুণ, উদীয়মান ও সম্ভাবনাময় পারফরমারদের কারো ব্যাট কথা বলেনি। ওপেনার নাইম শেখ (১১), লিটন দাস (৯), মুমিনুল (০), নুরুল হাসান সোহান (১৪) আর সাব্বির (২৮ বলে ২১)- কেউই তিরিশের ঘরে পৌঁছাতে পারেননি। এ কারণেই স্কোর বোর্ড মোটা তাজা হয়নি রিয়াদ একাদশের, যা হয়েছে তাকে লড়াকু পুঁজিও বলা যায় না। শেরেবাংলার উইকেট আর পরিসংখ্যানের আলোকে রীতিমতো কম রান।
এক কথায় অনুজ্জ্বল ও সাদামাটা ব্যাটিংয়ে শুরু হলো বিসিবি প্রেসিডেন্টস কাপ। অভিজ্ঞ রিয়াদ হাফ সেঞ্চুরি করেছেন।
রিয়াদ বাহিনীর ব্যাটসম্যানরা ভাল খেলেননি, এটা যেমন সত্য একই সাথে নাজমুল হোসেন শান্তর দলের বোলিংটাও কিন্তু খারাপ হয়নি। তিন পেসার তাসকিন (১০-০-৩৭-২), আল আমিন হোসেন (১০-১-৪০-২) আর মুগ্ধ (৯-০-৪৪-২) সবাই যতটা সম্ভব নিয়ন্ত্রিত বোলিং করেছেন। প্রত্যেকের ঝুলিতে দুটি করে উইকেটও পেয়েছেন। এছাড়া অফস্পিনার নাইম হাসানের ঝুলিতে জমা পড়েছে এক উইকেট (১০-১-৩৯-১)।
লেগস্পিনার রিশাদ হোসেন (৮-০-৩৩-০) উইকেট পাননি। তবে বলে তেমন ধারও ছিল না। টার্নও পাননি। বৈচিত্র্যও ছিল না তেমন। বরং শেষ দিকে তিন বলে এক উইকেট শিকারী স্লো মিডিয়াম সৌম্য সরকার।

দাবায় হংকংয়ের মেয়েদের বিপক্ষে বাংলাদেশের জয়

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান নেশন্স (রিজনস) উইমেন অনলাইন কাপ দাবার প্রথম দিনটি মিশ্র কেটেছে বাংলাদেশের। হংকংকে উড়িয়ে দেওয়ার পর ইন্দোনেশিয়ার কাছে হেরেছে মেয়েরা। দিনের শেষ রাউন্ডে ড্র করেছে শ্রীলঙ্কার বিপক্ষে।
অনলাইনে হওয়া এই প্রতিযোগিতায় রোববার প্রথম দিনে তিন রাউন্ডের খেলা হয়। প্রথম রাউন্ডে হংকংকে ৪-০ গেম পয়েন্টে উড়িয়ে দেয় বাংলাদেশ। দলের হয়ে মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শারমিন সুলতানা শিরিন ও রানী হামিদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ এবং মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম জয় পান। ইন্দোনেশিয়ার কাছে ২.৫-১.৫ গেম পয়েন্টে হেরে যাওয়া ম্যাচেও শারমিন জয় পান। ড্র করেন নোশিন। হেরে যান রানী হামিদ ও ওয়ালিজা। তৃতীয় রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে ২-২ ড্রয়ে জিতেন শারমিন ও ওয়ালিজা। হেরে যান নোশিন এবং মহিলা ফিদে মাস্টার নাজরানা খান। ৩ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ৩১ দেশের মধ্যে চতুর্দশ স্থানে আছে বাংলাদেশ।

জাতীয় নারী থ্রোবল প্রতিযোগিতা ২০ অক্টোবর

ক্রীড়া প্রতিবেদক

২০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন চতুর্থ জাতীয় মহিলা থ্রোবল প্রতিযোগিতা-২০২০।’ তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২২ অক্টোবর পর্যন্ত। যেখানে আটটি দল অংশগ্রহণ করবে।
প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য গতকাল রবিবার (১১ অক্টোবর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের এই ওয়ালটন চতুর্থ জাতীয় মহিলা থ্রোবল প্রতিযোগিতায় ৮টি দল অংশ নিতে যাচ্ছে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা দুটি করে মোট চারটি দল সেমিফাইনালে উন্নীত হবে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে।
ওয়ালটন চতুর্থ জাতীয় মহিলা থ্রোবলে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ থ্রোবল কাব, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও মিরপুর থ্রোবল একাডেমি।

উদ্বোধনী দিনে মাহমুদউল্লাহর হাফসেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

তিন দলকে নিয়ে মিরপুরে গতকাল রবিবার শুরু হয়েছে বিসিবি প্রেসিডেন্ট’স কাপ। উদ্বোধনী দিনে মাহমুদউল্লাহ একাদশের প্রতিপক্ষ নাজমুল একাদশে। খেলতে নেমে উদ্বোধনী দিনেই প্রথম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদউল্লাহ।
গতকাল দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রেসিডেন্ট’স কাপ উদ্বোধন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। খেলা শুরুর আগে করোনায় মারা যাওয়া ক্রিকেট ব্যক্তিত্বদের স্মরণে এক মিনিটে নীরবতাও পালন করেন ক্রিকেটাররা। খেলা শুরু হলে টস হেরে ব্যাটিংয়ে নামে মাহমুদউল্লাহ একাদশ। শুরুটা অবশ্য স্বস্তিদায়ক ছিল না অভিজ্ঞ মাহমুদউল্লাহদের।
জুনিয়র নাজমুলদের বিপক্ষে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় তারা। দলীয় ১৭ রানে দুর্ভাগ্যজনকভাবে রানআউটের শিকার হন ওপেনার নাঈম শেখ। তিনি ফিরেছেন ৯ রানে। অভিজ্ঞ মুমিনুল, লিটন দাসও দ্রুত বিদায় নিলে আরও বিপদে পড়ে যায় মাহমুদউল্লাহর দল। দলের ব্যাটিং বিপর্যয়ের পর অধিনায়কোচিত ইনিংস খেলেই দলের স্কোর বোর্ডকে কিছুটা সমৃদ্ধ করেছেন মাহমুদউল্লাহ। মুকিদুল ইসলাম মুগ্ধর বলে আউট হওয়ার আগে ৮২ বলে ৫১ রান করেছেন। হাফসেঞ্চুরি করার পথে আল আমিন হোসেনের বলে বাউন্ডারি মেরে এই মাইফলকে পৌঁছান তিনি। মূলত চতুর্থ উইকেটে ধাক্কা সামাল দিয়েছে ইমরুল ও মাহমুদউল্লাহর ৭২ রানের জুটি। যদিও তা যথেষ্ট ছিল না। দুর্দান্ত ব্যাটিংয়ের পর ইমরুল ৫০ বল খেলে ফিরে গেছেন ৪০ রান করে।

দল পেলেন সালমা-জাহানারা

ক্রীড়া প্রতিবেদক

দুজন যে মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পাচ্ছেন সেটা নিশ্চিত ছিল আগেই। এবার দল পেয়ে গেলেন বাংলাদেশ নারী দলের দুই তারকা সালমা খাতুন ও জাহানারা আলম। গতকাল রবিবার টুর্নামেন্টের সূচি প্রকাশ ও তিন দল ক্রিকেটার চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
সব ঠিক থাকলে ৪ থেকে ৯ নভেম্বর অব্দি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ফ্রাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে জাহানারা খেলবেন ভেলোসিটিতে। আগেরবারও এই দলে খেলে বল হাতে সাফল্য পেয়েছিলেন তিনি। তার দলের দলের নেতৃত্বে আছেন ভারতের বর্তমান ওয়ানডে অধিনায়ক মিতালি রাজ। অন্যদিকে প্রথমবার আইপিএল ওমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলার সুযোগ পেলেন সালমা। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক থাকছেন ট্রায়ালব্লেজার্সে। যেখানে তার অধিনায়ক ভারতীয় ওপেনার স্মৃতি মান্দানা ।

ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি সোয়িনটেক

ক্রীড়া প্রতিবেদক

ফ্রেঞ্চ ওপেনে চমক দেখালেন পোলিশ টিনেজার ইগা সুইয়াটেক। সর্বনিম্ন র‌্যাঙ্কিংধারী নারী খেলোয়াড় হিসেবে লাল দুর্গে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন। ফাইনালে হারিয়ে দিলেন মার্কিন তারকা সোফিয়া কেনিনকে।
সাবেক জুনিয়র উইম্বলডন চাম্পিয়ন ১৯ বছরের সুইয়াটেক রোলাঁ গারোর ইতিহাসে নিজের নাম লেখালেন দ্রুতবেগে। ফাইনালের লড়াইয়ে চতুর্থ বাছাই বাছাই কেনিনকে ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে ছিনিয়ে নিলেন চ্যাম্পিয়নের তকমা। এখানেই শেষ নয়। অবাক করার খবর আছে আরও। পুরো আসরে একটি সেটও হারেননি অবাছাই সুইয়াটেক। পোল্যান্ডের প্রথম কোনো খেলোয়াড় হিসেবে টেনিসের একক ইভেন্টের মেজর ট্রফি জয়ের কৃতিত্ব গড়লেন সুইয়াটেক। ১৯৯২ সালে মনিকা সেলেসের পর সর্বকনিষ্ঠ ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়ে গেলেন তিনি।

ইতিহাস গড়লেন শোয়েব মালিক

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট বিশ্বের আগ্রহের কেন্দ্রে যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট, তখন নিজ দেশের ন্যাশনাল কাপ টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক। এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রবেশ করেছেন ১০ হাজার রানের মাইলফলকে।
দেশে ক্রিকেট ফেরানোর লক্ষ্যে ন্যাশনাল কাপ টি-টোয়েন্টি আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে শুরুটা খুব একটা ভালো ছিল না খাইবার পাখতুনের ব্যাটসম্যান মালিকের। তবে ষষ্ঠ ম্যাচে পেয়েছেন ফিফটির দেখা, গড়েছেন ইতিহাস। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের তৃতীয় এবং এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছে গেছেন মালিক। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে ম্যাচসংখ্যা ৪০০ ছোঁয়ার আগেই দশ হাজারের কাবে প্রবেশ করলেন মালিক। তার আগে কুড়ি ওভারের ক্রিকেটে ১০ হাজার রান করেছেন ক্রিস গেইল ও কাইরন পোলার্ড।

জিম্বাবুয়ে দলে সৌদি বংশোদ্ভূত ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

অক্টোবরের শেষে পাকিস্তানের সীমিত ওভারের সফরের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আর এই দলের অধিনায়ক করা হয়েছে চামু চিবাবাকে। এছাড়া দলে ফিরেছেন ২৪ বছর বয়সী ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানি।
এদিকে প্রথমবারের মতো জিম্বাবুয়ে জাতীয় দলে ডাক পেয়েছেন সৌদি আরব বংশোদ্ভূত ফারাজ আকরাম। তার ২০১৭ সালে প্রথম শ্রেণির ম্যাচে অভিষেক হয়েছিল। আর নিজের শেষ প্রথম শ্রেণির ম্যাচে অপরাজিত ১২১ রান করা মিল্টন শুম্বাও প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন। পাকিস্তান সফরে লাহোর এবং মুলতানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। আগামী ২০ অক্টোবর প্রথম ম্যাচ মাঠে গড়াবে। তবে কোন ফরম্যাটটি আগে হবে তা এখনও জানানো হয়নি।
জিম্বাবুয়ে: চামু চিবাবা (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, ব্রায়ান চারি, টেন্ডাই চাতারা, এলটন চিগুম্বুরা, টেন্ডাই চিসোরো, ক্রেগ আরভিন, টিনাশে কামুনহাকাম্বে, ওয়েসলে, মাধেভের, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মাম্বা, রিচমন্ড মুতুমবামি, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নাগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ব্র্যান্ডন টেইলর, ডোনাল্ড ট্রিরিপানো, সেন উইলিয়ামস।

নেশনস লিগে প্রথম জয় জার্মানির

ক্রীড়া প্রতিবেদক

শুরুর পর থেকেই উয়েফা নেশনস লিগ যেন রহস্য হয়ে ছিল জার্মানির কাছে। অভিষেক আসরের পর থেকে জয় ছিল না একটিতেও। অবশেষে সেই বৃত্ত ভেঙে নেশন লিগের প্রথম জয় তুলে নিয়েছে ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইউক্রেনকে তারা হারিয়েছে ২-১ গোলে।
ইওয়াখিম ল্যোভের দল জয় পায়নি আগের ৬টির কোনও ম্যাচেই। কিন্তু শনিবার ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচে অন্য রুপেই দেখা গেলো জার্মানিকে।
ইউক্রেনের মাঠে ২০ মিনিটে এগিয়ে শুরু। রুডিগারের পাস থেকে গোলটি করেছেন ম্যাথিয়াস জিন্টার। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে লিওন গোরেৎজকার গোলে ব্যবধান দাঁড়ায় ২-০। তবে ৭৬ মিনিটে জার্মানি ফাউল করলে পেনাল্টির সুবাদে একটি গোল শোধ দেয় ইউক্রেন। রুসলান মালিননোভস্কির করেন সেই গোল। এর পর ব্যবধানে হেরফের হয়নি। নেশনস লিগের উদ্বোধনী ম্যাচের দুই বছর পর জয় পাওয়া জার্মানি গ্রুপে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

জিতে শীর্ষেই রয়েছে স্পেন

ক্রীড়া প্রতিবেদক

সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। সুবাদে উয়েফা ন্যাশন্স লিগের (লিগ এ) এ ফোর গ্রুপের শীর্ষে রয়ে গেছে কোচ লুইস এনরিকের দল।
মাদ্রিদের এস্তাদিও আলফ্রেডো ডি স্তেফানোতে প্রথমার্ধের ১৪তম মিনিটেই স্বাগতিকদের একমাত্র জয় সূচক গোলটি উপহার দেন মিকেল ওয়ারজাবাল। তার গোলে সহায়তা করেন মিকেল মেরিনো। এ ম্যাচের মধ্য দিয়ে স্পেনের হয়ে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অভিষেক হয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স অ্যাডামামা ট্রাওরের। কোভিড-১৯’কে হারিয়ে এ ম্যাচের মাধ্যমে মাঠের লড়াইয়ে ফিরেছেন লিভারপুলের তারকা ফুটবলার জারদান শাকিরি। ডেভিড ডি গিয়া দলকে কিন শিট রাখায় ঘরের মাঠে স্বস্তির রাতই কাটিয়েছে স্পেন।

রোমাাঞ্চকর জয় পেলো রাজস্থান

ক্রীড়া প্রতিবেদক

টানা দুই ম্যাচ পরাজয়ের পর অবশেষে চলতি আইপিএলে জয়ে ফিরলো রাজস্থান রয়্যালস। রায়ান পরাগ ও রাহুল তেওয়াতিয়ার ব্যাটিং ঝলকে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৫ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে স্টিভেন স্মিথের দল।
হায়দ্রাবাদের দেওয়া ১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ১ বল হাতে রেখে ৫ উইকেটে ১৬৩ রান করে রাজস্থান। এর আগে মনীষ পান্ডের ফিফটিতে ৪ উইকেটে ১৫৮ রান করে ডেভিড ওয়ার্নাররা।

নারাইনের বোলিং অ্যাকশন আবারও প্রশ্নবিদ্ধ

ক্রীড়া প্রতিবেদক

আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পরেও স্বস্তিতে নেই কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে যে সুনীল নারাইনের বোলিং জেতাতে ভূমিকা রাখলো, সেই অফস্পিনারই রিপোর্টেড হয়েছেন অবৈধ বোলিং অ্যাকশনে। ২ রানে জেতা ম্যাচটায় বল হাতে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। ২৮ রানে নিয়েছেন ২ উইকেট।
নারাইনের বিরুদ্ধে অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়াররা। আইপিএল বিবৃতিতে বলেছে, ‘নারাইনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন উলহাস গান্ধে ও ক্রিস গ্যাফানি।’ অভিযোগ আনা হলেও এই মুহূর্তে তিনি সতর্কতামূলক তালিকায় আছেন। তবে যতক্ষণ না দ্বিতীয়বার রিপোর্টেড হচ্ছেন, ততক্ষণ বোলিং করতে কোনও বাধা নেই। তবে আবার অভিযোগ উঠলে তিনি আর বল করতে পারবেন না। সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অনুমতি পেলেই বোলিংয়ে নামতে পারবেন।

পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজের ভেন্যু বদল

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভার ক্রিকেট সিরিজের ভেন্যু পরিবর্তন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মুলতানে লজেস্টিক সমস্যার জন্য ওয়ানডে সিরিজ সরিয়ে নেওয়া হয়েছে রাওয়ালপিন্ডিতে। আর টি-টোয়েন্টি সিরিজ হবে লাহোরে। প্রথমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মুলতানে ও রাওয়ালপিন্ডিতে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চেয়েছিল পিসিবি।
শুধু ভেন্যুতেই বদল এসেছে, খেলার দিনক্ষণে পরিবর্তন আসেনি। আগামী ৩০ অক্টোবর ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ১ ও ৩ নভেম্বর। তিনটি টি-টোয়েন্টি হবে ৭, ৮ ও ১০ নভেম্বর। নভেম্বর-ডিসেম্বরে লাহোরে ধোঁয়ার সমস্যায় মূলত এই সময় সেখানে কোনো ম্যাচ আয়োজন করতে চায় না পিসিবি। কিন্তু মুলতানের লজেস্টিক সমস্যায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সেখানে আয়োজন করতে হচ্ছে। এরই মধ্যে চামু চিবাবার নেতৃত্বে শনিবার ২০ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আগামী ২০ অক্টোবর পাকিস্তানে পৌঁছে সাতদিন কোয়ারেন্টিনে থাকবে সফরকারী দল।