স্পোর্টস ডেস্ক
অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে জো রুটের দৃঢ় ও অপরাজিত ১৩৫ রানের ইনিংস অস্ট্রেলিয়ার কিংবদন্তি ম্যাথিউ হেইডেনকে এক অদ্ভুত প্রতিশ্রুতি থেকে বাঁচিয়ে দিল। কেননা সিরিজ শুরুর আগে হেইডেন মজা করে বলেছিলেন-রুট যদি অ্যাশেজে সেঞ্চুরি করতে না পারেন, তবে তিনি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) নগ্ন হয়ে দৌড়াবেন। তবে রুটের ওই সেঞ্চুরি সেই প্রতিশ্রুতিকে থামিয়ে দেয়, আর সেটি নিয়েই সামাজিক মাধ্যমে ভাইরাল প্রতিক্রিয়া দেন তার মেয়ে গ্রেস হেইডেন।
অস্ট্রেলিয়া বর্তমানে পার্থ ও ব্রিসবেনে জয়ের ফলে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে। এই পরিস্থিতিতে হেইডেনের সেই ‘দুঃসাহসী’ মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। রুটের সেঞ্চুরি হওয়ার সঙ্গে সঙ্গেই গ্রেস-যিনি ক্রমেই জনপ্রিয় ক্রিকেট উপস্থাপক হিসেবে পরিচিত হচ্ছেন-একটি হাস্যরসাত্মক পারিবারিক প্রতিক্রিয়া শেয়ার করেন, যেখানে তিনি রুটকে ধন্যবাদ জানিয়ে পরিবারের ‘বড় বিপদ’ থেকে রক্ষা পাওয়ার কথা বলেন।
পিংক বলের টেস্টের প্রথম দিনে রুট ইংল্যান্ডকে ৩২৫/৯ এ পৌঁছে দিলে, স্টার্কের ছয় উইকেট সত্ত্বেও, গ্রেস সামাজিক মাধ্যমে আনন্দে ফেটে পড়েন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘রুট, ধন্যবাদ। তুমি আমাদের সবার চোখ বাঁচালে।’ এরপর একটি ভিডিওতে তিনি রুটকে অতিরিক্ত ধন্যবাদ জানিয়ে বলেন, অ্যাশেজে জীবনে এই প্রথম তিনি কোনো ইংলিশ ব্যাটসম্যানকে সমর্থন করেছেন।
মজার ছলে তিনি বলেন, ‘বাবা যদি আর কখনও এমন কোনো নগ্ন দৌড়ানোর বাজি ধরে, আমি তাকে ত্যাগ করব!’
গ্রেসের পোস্টগুলো মুহূর্তেই ভাইরাল হয়। হেইডেন নিজেও এক ভিডিওতে রুটকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই খেলায় আমার মতো এত চামড়া কারও বাজি ছিল না-আক্ষরিক অর্থেই।’
এটি অ্যাশেজ প্রতিদ্বন্দ্বিতার মাঝে এক হালকা-ফুলকা পারিবারিক রসিকতা হিসেবে সমর্থকদের কাছে বেশ প্রশংসা পায়।











































