Home আন্তর্জাতিক সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা ইসরায়েলের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা ইসরায়েলের

14


আন্তর্জাতিক ডেস্ক।।

বিদ্রোহী জোটের ঝটিকা অভিযানে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের ৫৪ বছরের শাসনের অবসান হওয়ার এক বছর পূর্ণ হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী ইসরায়েল সিরিয়ার সামরিক অবকাঠামো লক্ষ্য করে উল্লেখযোগ্যভাবে সামরিক অভিযান বাড়িয়েছে।

আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার তথ্য অনুযায়ী, ৮ ডিসেম্বর ২০২৪ থেকে ২৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত সিরিয়া জুড়ে ইসরায়েল ছয়শর বেশি বিমান, ড্রোন বা আর্টিলারি হামলা চালিয়েছে। অর্থাৎ দিনে তারা গড়ে দুটি আক্রমণ চালিয়েছে। এসব আক্রমণের প্রায় ৮০ শতাংশই হয়েছে সিরিয়ার দক্ষিণাঞ্চলেÑ কুনেইত্রা, দেরা ও দামেস্কের গভর্নরশিপগুলোতে। কুনেইত্রা ২৩২ বার ও দেরা ১৬৭ বার আক্রমণের লক্ষ্যবস্তু ছিল।

ইসরায়েল বহু বছর ধরেই ইরানি সামরিক ঘাঁটি নির্মূলের যুক্তি দেখিয়ে সিরিয়ায় হামলা চালালেও, বাশার সরকারের পতনের পর তারা দাবি করছে, অস্ত্র যাতে ‘চরমপন্থিদের’ হাতে না যায়, তা নিশ্চিত করতে তারা অভিযান চালাচ্ছে। এই তালিকায় বাশারকে ক্ষমতাচ্যুত করা প্রধান বিরোধী গোষ্ঠী হায়াত তাহরির আল শামও (এইচটিএস) রয়েছে।

বাশার সরকারের পতনের মাত্র চার দিন পরই ইসরায়েল ঘোষণা করে, তারা সিরিয়ার ৮০ শতাংশেরও বেশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এর পাশাপাশি বাশারের পতনের পরের দিনগুলোতে ইসরায়েলি সেনারা ১৯৭৪ সালের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলান মালভূমির সিরিয়া অংশে প্রবেশ করে এবং বেশ কয়েকটি সামরিক চৌকি স্থাপন করে ভূমি দখল করেছে।

ইসরায়েলের এই ভূমি দখলের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা হয়েছে। জাতিসংঘ ও আরব রাষ্ট্রগুলো এটিকে আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা করেছে। কিন্তু প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা করেছেন, ইসরায়েলি বাহিনী অনির্দিষ্টকালের জন্য এই এলাকায় থাকবে। পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েল গোলান মালভূমি ছাড়াও জাতিসংঘ বাফার জোনের ২৩৫ বর্গকিলোমিটার এবং বাফার জোনের বাইরে সিরিয়ার আরও প্রায় ৪২০ বর্গকিলোমিটার অঞ্চল দখল করেছে।