Home জাতীয় সরকারি কোষাগারে টাকা জমা না হওয়ার তদন্তে সাব-কমিটি

সরকারি কোষাগারে টাকা জমা না হওয়ার তদন্তে সাব-কমিটি

10

ঢাকা অফিস

অডিট আপত্তি সংশ্লিষ্ট অনিয়ম ও বিধি-বিধান লঙ্ঘনে সৃষ্ট যে ক্ষতি হয় তার প্রভাব ও দায়-দায়িত্ব জানতে চায় সংসদীয় কমিটি। রবিবার (১১ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি হিসাব কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এদিকে রোড কাটিং ফি বাবদ প্রাপ্ত ৬৩ লাখ ৫১ হাজার ৭০০ টাকা সরকারি কোষাগারে জমা না হওয়ায় একটি সাব কমিটি গঠন করা হয়েছে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সাব-কমিটিকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। আর পরবর্তী বৈঠকে এর প্রেক্ষাপট ও বর্তমান অবস্থা জানাতে বলা হয়। এছাড়াও রোড কাটিং ফি বাবদ প্রাপ্ত অর্থ যা ব্যাংকে জমা আছে তা অতিদ্রুত সরকারি কোষাগারে জমা দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো. আব্দুস শহীদ, মো. শহীদুজ্জামান সরকার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জহিরুল হক ভূঞা মোহন, মনজুর হোসেন, আহসানুল ইসলাম, মুস্তফা লুৎফুল্লাহ, ওয়াসিকা আয়শা খান এবং জাহিদুর রহমান বৈঠকে অংশ নেন।