চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুতুবপুর থেকে পায়ুপথে সোনার পাচারের চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। তার কাছ থেক ৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির নাম কলিম উদ্দীন (৩৮)। রবিবার (১১ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়। বিজিবি অধিনায়ক খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রবিবার (১১ অক্টোবর) বিকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিজিবি ৬ ব্যাটালিয়নের অধিনায়ক খালেকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর বিজিবির একটি টহল দল কুতুবপুর পাকা রাস্তায় অভিযান চালিয়ে কলিম উদ্দীনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সোনার বার পাওয়া না যাওয়ায় তাকে এক্সরে করানো হয়। এরপর তার মলদ্বারের কাছে সোনার বারিগুলোর অস্তিত্ব মেলে। সে পায়ুপথ দিয়ে সোনার বারগুলো নিজের শরীরের ভেতরে ঢুকিয়ে পাচারের চেষ্টা করছিল। তাকে অতিরিক্ত পানি পান করিয়ে ৬টি সোনার বার বের করে সেগুলো জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ৬টি সোনার বারের ওজন ৬৬৮ গ্রাম (৫৭ ভরি ০৫ আনা), যার বর্তমান বাজার মূল্য সাড়ে ৩৯ লাখ টাকা।
কলিম উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।











































