স্পোর্টস ডেস্ক
লা লিগায় রোববার সেল্তা ভিগোর বিপক্ষে ২-০ গোলের হতাশাজনক হার নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে, তাও আবার নয় জন খেলোয়াড় নিয়ে। উইলিয়ট সুইডবার্গ এক অবিশ্বাস্য হিল-কিক গোলে দলকে এগিয়ে নেন এবং যোগ করা সময়ের শেষ দিকে আরেকটি গোল করে রিয়ালকে আরও চাপে ফেলে দেন। এর ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান চার-এ গিয়ে ঠেকে।
৫৩ মিনিটে ব্রায়ান সারাগোসার ক্রস দুর্দান্তভাবে হিলে ছোঁ মেরে থিবো কুর্তোয়ার জালে পাঠান সুইডবার্গ। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোলরক্ষককে কাটিয়ে সহজভাবেই তার দ্বিতীয় গোলটি করেন এই সুইডিশ বদলি খেলোয়াড়।
এই জয়ে সেল্টা ১৪তম স্থান থেকে উঠে ১০ম স্থানে যায়। অন্যদিকে এই পরাজয়ে থেমে যায় রিয়ালের টানা ছয়টি ঘরের মাঠে জয়ের ধারা।
জাবি আলোনসোর শিষ্যরা এখন শেষ পাঁচ লিগ ম্যাচে মাত্র একটিতে জয়ের মুখ দেখেছে। এমন অবস্থায় চ্যাম্পিয়নস লিগে এই সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে কঠিন লড়াইয়ের অপেক্ষা করছে রিয়ালের।











































