স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি করা হয়েছে। অন্যদিকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসানকে কেএমপির কমিশনার করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্ব পালন করা জাহিদুল হাসান গত ২৬ নভেম্বর পদোন্নতি পেয়ে ডিআইজি হন। বর্তমানে তিনি জিএমপিতেই কর্মরত আছেন।











































