স্টাফ রিপোর্টার।।
খুলনায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গোলাম মোস্তফা মনা (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে ওই শিশু খুলনা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় নগরীর দোলখোলা মতলেবের মোড়ে আবুর বস্তিতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার রাত ৯টার দিকে শিশুটিকে একা ঘরে পেয়ে মনা জোরপূর্বক প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালায়। পর স্থানীয়রা তাকে ধরে মারধর করে খুলনা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
শিশুর পরিবার জানায়, ওই শিশুটি নানির সঙ্গে দোলখোলা মতলেবের মোড়ে আবুর বস্তিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। শুক্রবার রাত ৯ টার দিকে তাকে একা ঘরে রেখে নানি বাইরে যায়। কেউ না থাকার সুযোগে গোলাম মোস্তফা ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।
খুলনা সদর থানার এসআই আব্দুল হাই বলেন, শনিবার রাতে ভিকটিমের চাচা বাদী হয়ে থানায় গোলাম মোস্তফা মনার বিরুদ্ধে নারী শিশু ও নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামি গুরুতর অসুস্থ থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।











































