খুলনাঞ্চল রিপোর্ট
বিজয়ের মাস ডিসেম্বর। দেশের মানুষ যখন মুক্তিযুদ্ধের চেতনা ও মহান স্বাধীনতার স্মৃতি লালন করছে—ঠিক তখনই রংপুর ও রাজবাড়িতে ঘটে গেছে দুটি মর্মান্তিক ও ন্যক্কারজনক ঘটনা। রংপুরে নির্মমভাবে খুন হয়েছেন বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭০) ও তাঁর স্ত্রী সুবর্ণা রায় (৬৫)। অন্যদিকে রাজবাড়ির পাংশায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে পাঁচ মুক্তিযোদ্ধার কবরঘেরা সীমানায়। দুই ঘটনাই দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে নির্মম হত্যা: তারাগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামে নিজ বাড়িতে শনিবার রাতে ঘাতকদের কোপে মারা যান যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, চায়নিজ কুড়াল দিয়ে মাথা ও কপালে আঘাত করে তাঁদের হত্যা করা হয়েছে। ঘটনাটি পূর্বপরিকল্পিত বলেই মনে করছে পুলিশ। মুক্তিযোদ্ধা যোগেশ রায় ছিলেন উত্তর রহিমাপুর নয়াহাট মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ২০১৭ সালে তিনি অবসর নেন। দুই ছেলে— বড়জন র্যাবে, ছোটজন পুলিশে চাকরি করেন। জীবনের শেষ বয়সে স্ত্রীকে নিয়ে গ্রামে থাকতেন তিনি।
বড় ছেলে শোভেন চন্দ্র রায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাবা সারা জীবন শান্তিতে কাটিয়েছেন। কারও সঙ্গে শত্রুতা ছিল না। গত বছর তিনি শ্মশানকে ৮ শতক জমি দান করেন— এটি কেউ কেউ পছন্দ করেনি। আমার বাবা-মাকে এইভাবে হত্যা করা হবে ভাবতে পারছি না।” রবিবার সকালে বাড়ির কাজের লোক দীপক চন্দ্র রায় মই বেয়ে ঘরে প্রবেশ করে রক্তাক্ত দেহ দু’টি দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পরে সিআইডি, পিবিআই, ডিবি ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ সুপার মারুফাত হোসেন বলেন, “ঘাতকরা উত্তর পাশের প্রাচীর টপকে ঢুকেছে। বাড়ির ভেতর চুরি বা লুটের কোনো আলামত নেই। হত্যাকাণ্ডটি অত্যন্ত নৃশংস ও পরিকল্পিত।” এলাকায় এখন শোকের ছায়া। মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।
রাজবাড়িতে পাঁচ মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন: রবিবার ভোরে রাজবাড়ীর পাংশা উপজেলার তারাপুর কবরস্থানের মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চার শতাংশ এলাকায় আগুন দেয় দুর্বৃত্তরা। ফজরের নামাজে যাওয়ার পথে মসজিদের মোয়াজ্জিন প্রথম ধোঁয়া দেখতে পান। পরে স্থানীয়রা আগুন নেভালেও সেখানে কেরোসিন ও পেট্রোলের গন্ধ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এটি স্বাধীনতাবিরোধী চক্রের পরিকল্পিত নাশকতা। কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সজীব হোসেন বলেন, “এটি চরম ন্যাক্কারজনক কাজ। মুক্তিযোদ্ধাদের কবরও আজ নিরাপদ নয়।” পাংশা ইউএনও রিফাতুল হক জানান, “আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে বলে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”
বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা— দেশজুড়ে উদ্বেগ: একদিকে জীবিত মুক্তিযোদ্ধাকে পরিবারসহ হত্যা, অন্যদিকে মৃত বীরদের কবরের ওপর হামলা— দুই ঘটনায়ই জাতি স্তম্ভিত। মুক্তিযোদ্ধা পরিবার, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সাধারণ মানুষ গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। মুক্তিযোদ্ধারা বলেছেন— “৭১-এর পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যৎ প্রজন্ম বিপদের মুখে পড়বে।” পুলিশ বলছে, রংপুরে হত্যাকাণ্ড ও রাজবাড়ির অগ্নিসংযোগ— দুই ঘটনাই অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
মানুষের দাবি— দোষীদের দ্রুত বিচার: দুই জেলায়ই সাধারণ মানুষের একটাই দাবি— “যারা মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালায়, তারা দেশের শত্রু। তাদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি চাই।” এই নির্মম ঘটনাগুলো শুধু দুই পরিবার বা দুই এলাকার ক্ষতি নয়; এটি দেশের অস্তিত্ব ও চেতনার ওপর আঘাত। তাই তদন্তের গতি আরও বাড়িয়ে দোষীদের আইনের মুখোমুখি করা এখন সময়ের দাবি।











































