স্পোর্টস ডেস্ক
ফিফা বিশ্বকাপের ড্র হয়ে গেছে। সঙ্গে বেড়ে গেছে ফুটবলপ্রেমীদের কৌতূহল ও উদ্দীপনা। আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাওয়া বিশ্বকাপের সময়সূচিও দিয়ে দিয়েছে ফিফা। এখন শুধু কয়েক মাসের অপেক্ষা। নিশ্চিতভাবেই টুর্নামেন্টে দেখা যাবে উদীয়মান তারকার উত্থান, চমক, নাটকীয়তা, অনাকাক্সিক্ষত বিপর্যয় এবং রোমাঞ্চকর সব ঘটনা। প্রথমবারে মতো ৪৮ দলের অংশগ্রহণে হতে যাওয়া আসরে শেষ হাসি হাসবে কারা? সাম্প্রতিক ফর্ম ও দলীয় শক্তি বিচারে ফুটবলের বোদ্ধা-বিশ্লেষকরা এবারের বিশ্বকাপ জয়ে ফেভারিট মনে করছেন কাদের?
এখনও চূড়ান্ত হয়নি ৪৮ দলের সব। আগামী মার্চে ইউরোপিয়ান প্লে-অফের মাধ্যমে উঠে আসবে চারটি দল এবং আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে মূলপর্বে আসবে বাকি দুটি দল। তবে নিউইয়র্কে আগামী জুলাইয়ে কারা শিরোপা উঁচিয়ে ধরতে পারে, সেই সম্ভাবনায় একটু চোখ বুলিয়ে নেয়া যায়।
ফিফা র্যাঙ্কিংয়ের হিসাবে জার্মানি, স্পেন ও বেলজিয়াম তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে। অন্যদিকে নেদারল্যান্ডস ও ফ্রান্সের সামনে রয়েছে কঠিন পীরক্ষা।
ফর্মের হিসেবে কারা এগিয়ে?
ইউরোপের ‘ফার্স্ট বয়’ হিসেবে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে ইংল্যান্ড। বাছাইপর্বে নিজেদের জাল অক্ষত রেখেই সব ম্যাচ জিতে বিশ্বকাপের টিকিট বুঝে নেয় থ্রি লায়ন্স। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ দুই আসরের রানার্সআপ ইংল্যান্ড কাতার বিশ্বকাপে খেলে কোয়ার্টার ফাইনালে। নতুন কোচ টমাস টুখেলের অধীনে ইংলিশদের প্রত্যাশা স্বাভাবিকভাবেই অনেক। ফুটবল বোদ্ধাদের কাছে তাই বেশ শক্ত অবস্থানেই আছে ইংল্যান্ড। তাদের রাখা হয়েছে দ্বিতীয় ফেভারিট হিসেবে।
বাছাইপর্বে ইউরো চ্যাম্পিয়ন স্পেনও প্রায় নিখুঁত অভিযাত্রা শেষ করতে যাচ্ছিল। তবে শেষ ম্যাচে তুরস্কের সঙ্গে ২-২ গোলের ড্র তাদের রেকর্ডে সামান্য দাগ ফেলেছে। ২০২৪ ইউরোতে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতা দলে আছে বার্সেলোনার কিশোর তারকা লামিন ইয়ামালের মতো বিশ্বসেরা প্রতিভা। ২০২৩-এর মার্চে স্কটল্যান্ডের কাছে হারের পর থেকে তারা স্রেফ একবারই হার দেখেছে, সেটি ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে, ন্যাশনস লীগের ফাইনালে টাইব্রেকারে। কাতার বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স এবার দিদিয়ের দেশমের অধীনে শেষ বড় টুর্নামেন্টে নামবে। বাছাইপর্বে অপরাজিত ছিল ২০১৮ বিশ্বচ্যাম্পিয়নরাও।
অপ্টার ‘সুপারকম্পিউটার’ অনুযায়ী, স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা ১৭%, ফ্রান্সের ১৪.১% ও ইংল্যান্ডের ১১.৮%। হার দিয়ে বাছাইপর্ব শুরু করা জার্মানি পরের পাঁচ ম্যাচে জিতে মূলপর্ব নিশ্চিত করে। বোদ্ধাদের তালিকায় উপরের দিকে রয়েছে তারাও। সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও আর্লিং ব্রট হালান্দের নরওয়েও ইউরোপিয়ান বাছাইয়ে অপরাজিত ছিল।
দক্ষিণ আমেরিকান বাছাইয়ে ব্রাজিলের অভিযান ছিল তুলনামূলক দুর্বল। ১৮ ম্যাচের ৬টিতে হেরে কনমেবল তালিকায় পঞ্চম স্থান নিশ্চিত করে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবুও ফুটবল বোদ্ধারা সেলেসাওদের ফেভারিট হিসেবেই দেখছে। অপ্টার হিসেবে সম্ভাব্য শিরোপাজয়ীদের তালিকায় সাত নম্বরে কার্লো আনচেলোত্তির দল।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য দুর্দান্ত ব্যবধানে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে সবার ওপরেই ছিল। দুইয়ে থাকা ইকুয়েডরের (২৯) চেয়ে নয় পয়েন্টে এগিয়ে টিকিট পায় আলবিসেলেস্তেরা (৩৮)। ১৯৫৮ ও ১৯৬২, এ দু’বার ছাড়া কোনো দল টানা দুই বিশ্বকাপ জিততে পারেনি। তবে লিওনেল মেসি শেষ পর্যন্ত মাঠে নামলে আর্জেন্টিনাকেও শিরোপার অন্যতম দাবিদার মনে করা হচ্ছে।
এশিয়ায় জাপান ছিল সবচেয়ে উজ্জ্বল দল। মাত্র একটি ম্যাচ হেরে সহজেই টিকিট নিশ্চিত করে তারা। আফ্রিকায় কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোও বাছাইপর্বে আট ম্যাচের সবগুলোতেই জয় তুলে নেয়। ফের বড় শক্তি হয়ে উঠতে পারে মরক্কানরা। মিশর, সেনেগাল, আইভরি কোস্ট ও তিউনিসিয়াও অপরাজিত ছিল এ অঞ্চলের বাছাইয়ে। যদিও আফ্রিকান কাপ অব ন্যাশনস (আফকন) শীঘ্রই শুরু হওয়ায় ছয় মাসের মধ্যে দুটি বড় টুর্নামেন্ট খেলা তাদের জন্য কঠিন হতে পারে।
ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়ে রেখেছেন, এটিই তার শেষ বিশ্বকাপ। তাই পর্তুগালকেও ছোট করে দেখার সুযোগ নেই। অন্যদিকে ২০২০ ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে এখনও প্লে-অফের পথ পাড়ি দিতে হবে।
পরিবেশ-পরিস্থিতির কী অবস্থা?
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় গ্রীষ্মের চরম তাপমাত্রা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ আসর নিয়েও একই ধরনের অভিযোগ উঠেছিল। চেলসির আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ বলেছিলেন, তিনি ‘বিপজ্জনক’ গরমে মাঠে মাথা ঘোরার মতো পরিস্থিতি নিয়ে খেলেছেন। কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের গবেষণায় দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপের ১৬টির মধ্যে ১৪টি স্টেডিয়ামে তাপমাত্রা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ মাত্রায় পৌঁছাতে পারে। ধারণা করা হচ্ছে, ইউরোপিয়ান দলগুলো তাপের কারণে বেশি ভুগতে পারে এবং ইংল্যান্ড ইতোমধ্যেই দেরিতে ম্যাচ শুরুর জন্য সময় চেয়েছে।
দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলো তুলনামূলক স্বাচ্ছন্দ্য নিয়েই খেলতে পারে। যদিও কোনো আফ্রিকান দল কখনওই বিশ্বকাপ জিততে পারেনি। আয়োজক দেশগুলো ঘরের মাঠের সুবিধা পেতে পারে। তবে ভেন্যুগুলোর বিস্তৃতি ও দূরত্বের কারণে অভিযোজন কঠিন হয়ে উঠতে পারে। ইউরোপে অনুষ্ঠিত ১১টি বিশ্বকাপের মধ্যে ১০টি জিতেছে ইউরোপিয়ান দল। তবে আমেরিকায় অনুষ্ঠিত সাতটি বিশ্বকাপে দক্ষিণ আমেরিকাই শিরোপা তুলে ধরে, শুধু ২০১৪তে জার্মানি এই ধারায় ব্যতিক্রম ঘটায়। এরপর কাতারের গরমে ট্রফি জেতে আর্জেন্টিনা। ইউরোপের বাইরে প্রথমবার ইউরোপিয়ান দেশ হিসেবে ২০১০-এ দক্ষিণ আফ্রিকায় শিরোপা জেতে স্পেন।
যা বলছেন বোদ্ধারা
ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডিয়ন ডাবলিন ইংল্যান্ডের গ্রুপ নিয়ে বলেন, “আমি সবসময়ই ক্রোয়েশিয়াকে নিয়ে চিন্তিত থাকি। তাদের অভিজ্ঞতা ও মান দুটিই ভয়ঙ্কর। ঘানা আবার অবিশ্বাস্য পারফরম্যান্স দেখাতে পারে। শক্তিশালী আফ্রিকান দল হিসেবে তারা ম্যাচ কঠিন করে তুলবে। ‘উদ্বিগ্ন’ শব্দটিই সঠিক।”
ফরাসি সাংবাদিক জুলিয়েন লরাঁ স্পেন ও ফ্রান্স নিয়ে বলেন, ‘পর্তুগালের কাছে ন্যাশনস লীগ ফাইনালে হারলেও, লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন অসাধারণ। ইউরোতে তারা যোগ্যভাবেই চ্যাম্পিয়ন হয়েছে। ফ্রান্সের ক্ষেত্রে আমরা এমবাপ্পের ওপর নির্ভর করি, তবে দলে খুব বেশি দুর্বলতা নেই।’
চারবারের চ্যাম্পিয়ন জার্মানি নিয়ে তিনি বলেন, ‘জার্মানিকে কোন রূপে পাওয়া যাবে, তা এখনই বলা কঠিন। মুসিয়ালা জানুয়ারিতে ফিরবে, তার ফিটনেস গুরুত্বপূর্ণ। ভির্টৎস, মুসিয়ালা, নিক ভোল্টেমাডে, কাই হাভার্টজ, এদের নিয়ে আক্রমণভাগ বেশ আকর্ষণীয় হতে পারে। তবে রক্ষণভাগ নিয়ে প্রশ্ন রয়েছে।’
দক্ষিণ আমেরিকার ফুটবল সাংবাদিক টিম ভিকারি ব্রাজিল প্রসঙ্গে বলেন, ‘ব্রাজিল তাদের গ্রুপ নিয়ে খুশি। নিউ জার্সি, বোস্টন, ফিলাডেলফিয়া, মায়ামি, আর এক ম্যাচ আটলান্টায় (যেখানে শীতাতপ-নিয়ন্ত্রিত)। আনচেলোত্তি দেরিতে দায়িত্ব নিলেও দলে উন্নতি এসেছে। তিনি আক্রমণভাগে চারজন রাখার চেষ্টা করছেন। যদি সেই আক্রমণভাগকে ঠিকঠাক চালাতে পারেন, তবে ব্রাজিলকে কেউই সহজ প্রতিপক্ষ হিসেবে দেখবে না।’
আর্জেন্টিনা নিয়ে তিনি বলেন, ‘নিজ মহাদেশের বাইরে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়, তারা এমন কিছু করতে চাইছে যা আগে কেউ পারেনি। তারা বিশ্বকাপ জয়ের পর থেকে সবকিছুই জিতেছে। বাছাইপর্বে শীর্ষে থেকেছে এবং এখন আর মেসির ওপর এতটা নির্ভরশীলও নয়। এমনকি বলা যায়, মেসি না খেললেও কখনও কখনও তারা আরও ভালো দেখিয়েছে।’
সূত্র: বিবিসি











































