Home আঞ্চলিক কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলায় নগরীর শহিদ ডা: মিলন চত্বর

কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলায় নগরীর শহিদ ডা: মিলন চত্বর

31


স্টাফ রিপোর্টার
স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলন স্মরণে খুলনার সাত রাস্তার মোড়ে নির্মিত ডা. মিলন চত্ত্বরের বেহাল দশা। গণতান্ত্রিক আন্দোলনের শহীদ ডা. মিলনের স্মৃতিবাহী এই মুর‌্যালটির একাংশ ভেঙে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে, তবে সংস্কার বা পুনর্নির্মাণে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, স্মৃতি স্তম্ভটি বহুদিন ধরেই অবহেলা ও অনিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সংস্কারের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনার পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে চিঠি দিলেও এখনও কোন তৎপরতা দেখা যায়নি সংস্থাটির।


স্বৈরাচার এরশাদ পতন আন্দোলনের সময় সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীদের গুলিতে ১৯৯০ সালে ২৭ নভেম্বর ঢাকায় শহিদ হন ডা. শামসুল আলম খান মিলন। তাঁর স্মরণে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনার তত্বাবধায়নে ও খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় খুলনা মহানগরীর সাত রাস্তার মোড়ে নির্মিত হয় মিলন চত্বর। প্রতিবছর ২৭ নভেম্বর এখানে ডা. মিলন স্মরণে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনাসহ বিভিন্ন সংগঠন। কিন্তু গত দুই বছর ধরে কোন কর্মসূচি পালন হয় না এখানে।


স্থানীয়রা জানান, গত মে মাস থেকে এটি ভঙ্গুর অবস্থায় পরে আছে। কিন্তু কোন সংস্কার হচ্ছে না। ফলে এটি এখন ধ্বংস হওয়ার উপক্রম।
এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনা এর সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ বলেন, ডা. মিলন চত্ত্বরটি সংস্কারের জন্য মে মাসেই চিঠি দেওয়া হয়েছে খুলনা সিটি কর্পোরেশনকে। কিন্তু এখন পর্যন্ত কোন তৎপরতা দেখা যায়নি। মিলন চত্বর নিয়ে মানুষের মধ্যে সচেতনতারও অভাব রয়েছে। তাদের যত্রতত্র ব্যবহারের কারণেও এটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।


বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন খুলনার প্রশাসনিক কর্মকর্তা রিপন কুমার বিশ্বাষ বলেন, গত মে মাসে রাস্তা সংস্কারের সময় সিটি কর্পোরেশনের মালবাহী ট্রাকের আঘাতে এটি ক্ষতিগ্রস্ত হয়। তারপর কেসিসিকে এটি সংস্কারের জন্য চিঠি দেওয়া হয়েছে। তারপরও এখনও কোন কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। আমরা কেসিসি কর্র্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে এটি সংস্কারের উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি।


এ বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান এর ফোনে বার বার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।


খুলনা সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান জানান, বিএমএ আমাদেরকে চিঠি দিয়েছে। আমি চিঠিটা দেখে আপনাকে বিস্তারিত জানাবো।