Home খেলাধুলা আবার বিশ্বকাপ চান মেসি

আবার বিশ্বকাপ চান মেসি

13


ক্রীড়া প্রতিবেদক।।

লিওনেল মেসি ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে খেলবেন। গতকাল ওয়াশিংটন ডিসিতে ড্র অনুষ্ঠিত হয়। এর আগে আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি একটি সাক্ষাৎকার দিয়েছেন। ২০২২ সালে দোহায় বিশ্বকাপ জয়ী মেসি আবারও চ্যাম্পিয়ন হতে চান। তিনি ইন্টার মিয়ামিতে খেলেন বর্তমানে। যুক্তরাষ্ট্রেই রয়েছেন।

  • আসছে বিশ্বকাপে খেলার ব্যাপারে আপনার সম্ভাবনা কেমন?

মেসি : আমি আশা করি, আমি সেখানে থাকতে পারব। আগেও বলেছি, আমি মনেপ্রাণে সেখানে থাকতে চাই। সবচেয়ে খারাপ পরিস্থিতি যেটা হতে পারে, মাঠে গিয়ে সরাসরি খেলা দেখতে হবে। তবু এটা বিশেষ কিছু। বিশ্বকাপ সবার জন্যই বিশেষ, যে কোনো দেশের জন্যই। আমাদের জন্য তো আরও বেশি। কারণ আমরা এটাকে একদম ভিন্নভাবে অনুভব করি।

আমরা এ নিয়ে কথা বলেছি। স্কালোনিও বিষয়টা বোঝে, আর আমরা অনেকবার এটা নিয়ে আলোচনা করেছি। সে সব সময় বলে যে যে কোনো ভূমিকাতেই সে আমাকে দলে চায়। আমাদের মধ্যে গভীর আস্থা আছে, আর আমরা সবকিছু খোলামেলা বলতে পারি।

  • আর্জেন্টিনার প্রস্তুতি কেমন?

মেসি : সত্যি কথা হলো, আমাদের দলে অসাধারণ খেলোয়াড় আছে এবং এটা বহু বছর ধরেই প্রমাণিত। বিশেষ করে স্কালোনি দায়িত্ব নেওয়ার পর দলের মধ্যে যে আগ্রহ, উদ্যম আর তাড়না তৈরি হয়েছে, তা আরও স্পষ্ট। সবার মানসিকতা দুর্দান্ত। এই দলের জয়ের মানসিকতা খুব শক্তিশালী, সবাই আরও জিততে চায়। আর এটা ছড়িয়েও পড়েছে সবার মধ্যে। অনুশীলনে হোক বা ম্যাচে, আপনি দেখবেন সবাই নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছে। আমরা দুর্দান্ত একটি দল, একে-অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশি। প্রত্যেকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে, এটাই আমাদের দল এবং জাতীয় দলের বড় শক্তি। স্কালোনি ও তার কোচিং স্টাফই এই পরিবেশটা তৈরি করেছে। দলের প্রতিদিনকার পরিবেশ, মানসিকতার সবকিছুই তাদের হাত ধরেই এসেছে। দলে আগে থেকে যারা ছিল, তাদের সঙ্গে নতুন মুখও যোগ দিচ্ছে। যখন দলের পরিবেশ এমন ইতিবাচক হয়, তখন নতুনদের মানিয়ে নেওয়াও খুব সহজ হয়। আর্জেন্টিনাকে এই মুহূর্তটা কাজে লাগাতে হবে। বিশ্বকাপ জয়ের পর দল যে আত্মবিশ্বাস আর স্বস্তি পেয়েছে, সেটা ভবিষ্যতের প্রতিযোগিতার প্রস্তুতিকে একদম অন্য রকম করে তোলে।

  • আর্জেন্টিনার সম্ভাবনা কেমন?

মেসি : আমার মনে হয়, আমাদের দারুণ একটি দল আছে এবং আমরা আবারও চেষ্টা করব। তবে এরপরও ছোট ছোট বিষয় আপনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে। যে কোনো জাতীয় দলই আপনাকে বিপদে ফেলতে পারে- একটা শট পোস্টে লেগে বেরিয়ে গেলেই আপনি বাদ বা পেনাল্টিতে হেরে যেতে পারেন। আমরা যদিও পেনাল্টিতে জিতেছিলাম, কিন্তু নেদারল্যান্ডস আর ফ্রান্সের বিপক্ষে আমরা ভালো খেলেছিলাম। তারপরও ম্যাচ পেনাল্টিতে গড়ায়। আমাদের সৌভাগ্য যে দিবু (এমিলিয়ানো মার্তিনেজ) ছিল, যে আমাদের জিততে সাহায্য করেছে। কিন্তু পেনাল্টিতে যেমন জেতা যায়, তেমনি হেরেও যাওয়া যায়। বিশ্বকাপ জেতা সত্যিই খুব কঠিন। এটা আলাদা অনুভূতি- দর্শক হিসেবে, খেলোয়াড় হিসেবে, সমর্থক হিসেবের সব ক্ষেত্রেই আলাদা। এখন দলের অবস্থা দেখে আমি নিশ্চিত যে তারা লড়াই করবে। (২০২২ বিশ্বকাপ) জেতার পর আমাদের কাঁধের বিরাট চাপ নেমে গেছে। সেই চাপ ছাড়া খেলা অবশ্যই স্বস্তির, কিন্তু একই সঙ্গে এটা কোনো নিশ্চয়তাও দেয় না। কারণ, সবাই বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে জিততে চায়। স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল- যারা অনেক দিন চ্যাম্পিয়ন হয়নি এবং আবার জিততে চায়। এ ছাড়া জার্মানি এই সব দলই খুব শক্তিশালী।

  • আপনার ক্যারিয়ারে সেরা বছর কোনটি?

মেসি : আমি জানি না। এটা বলা কঠিন। আপনি কীভাবে দেখেন, তার ওপর নির্ভর করে। আমি পরিসংখ্যান খুব পছন্দ করি না; যদিও আজকাল সবকিছুই পরিসংখ্যানকেন্দ্রিক। আমি খেলায় পুরোপুরি যুক্ত থাকতে পছন্দ করি। এমন অনেক বছর ছিল, যখন আমরা সব জিতেছি। জাতীয় দলের হয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছি, বার্সেলোনার সঙ্গে চ্যাম্পিয়নস লিগ জিতেছি। কোনো একটা বছর বেছে নেওয়া কঠিন। ২০১২ সালে আমি ৯১টা গোল করেছি। কিন্তু আমি এটার জন্য খেলি না, কখনই এসব নিয়ে ভাবিনি। কোনো রেকর্ড ভাঙার জন্য বা কাউকে ছাড়িয়ে যাওয়ার জন্য আমি কখনও অ্যাসিস্ট করিনি। এসব আমার মাথায়ই আসত না। একটা বছর বেছে নেওয়া কঠিন।