Home খেলাধুলা গ্রিভস-রোচের মহাকাব্যিক লড়াইয়ে ঐতিহাসিক ড্র উইন্ডিজের

গ্রিভস-রোচের মহাকাব্যিক লড়াইয়ে ঐতিহাসিক ড্র উইন্ডিজের

12


স্পোর্টস ডেস্ক

এক মহাকাব্যিক পাথরের প্রাচীর গড়ে নিজের ১২তম টেস্টের ক্যারিয়ারে খেলা মোট বলের অর্ধেকেরও বেশি তিনি খেললেন এক ইনিংসেই-এমনই ইতিহাসগড়া লড়াই উপহার দিলেন জাস্টিন গ্রিভস। আর তার সেই অটল ব্যাটিংয়ে ক্রাইস্টচার্চে ২০২৫–২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ষষ্ঠ টেস্টে এসে প্রথম পয়েন্ট পেল ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ইনিংসে তাদের ১৬৩.৩ ওভার ব্যাট করা- যা ওয়েস্ট ইন্ডিজের গত ৯৫ বছরে সেরা।

তৃতীয় দিনের ৯২/৪ স্কোর থেকে শাই হোপের সঙ্গে ১৯৬ রানের জুটি গড়ে দলকে উদ্ধার করেন গ্রিভস। তবে হোপের (১৪০) আউট ও তারপরে টেভিন ইমলাখের বিদায়ের পর ইনিংসের প্রাণ হয়ে উঠলেন তিনি।

শেষ সেশনে যেখানে তার ব্যাট থেকে মাত্র দুটি বাউন্ডারি আসে, সেই সেশনের শেষের দিকেই জ্যাকব ডাফিকে ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে কাট করে দুর্দান্তভাবে তুলে নেন নিজের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি। সতীর্থরা উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানান তাকে।

৩৮৮ বল খেলে ২০২* রানে অপরাজিত থাকা গ্রিভস শিল্পময় ব্যাটিং থেকে নিজেকে রূপান্তর করেন দৃঢ় সংকল্প আর নিখাদ লড়াকু মনোভাবের প্রতীক এক ইনিংসে। এর মাঝে তিনি শরীরে অসংখ্য আঘাত নেন, প্রচুর বল মোকাবিলা করেন এবং স্বাভাবিক আগ্রাসনকে সংযত করেন অনন্য নিবেদন দিয়ে।

দিনের প্রথম ঘণ্টায় যখন স্কোরবোর্ড ২৭৭/৬, আর সামনে ৫৩১ রানের বিশাল লক্ষ্য-তখনও নিউজিল্যান্ডের দুই ক্লান্ত পেসার জ্যাক ফোকস ও ডাফি জয়ের স্বপ্ন দেখছিলেন। কিন্তু গ্রিভস পাশে পান কামব্যাক টেস্ট খেলতে নামা ৩৭ বছর বয়সী কেমার রোচকে, যিনি যেন জীবন বাজি রেখে ব্যাট করতে নামলেন।

রোচ ২৩৩ বল খেলে ক্যারিয়ারের সেরা প্রথম-শ্রেণির স্কোর-৫৮* করেন। অবিশ্বাস্যভাবে শেষ ১০৪ বলে তার রান মাত্র ৫! কিন্তু তবুও হোপ-গ্রিভস-রোচের এই ত্রয়ী ছিল ওয়েস্ট ইন্ডিজের মহাকাব্যিক রিয়াগার্ডের ভিত্তি।

গ্রিভস–রোচ জুটিকে ভাঙতে না পারার হতাশা স্পষ্ট দেখা যায় কিউইদের মধ্যে। রোচের একবার আলতো এজ হয়েছিল ব্রেসওয়েলের বলে, কিন্তু রিভিউ না থাকায় কিছুই করার ছিল না। এর আগেও ব্রেসওয়েলের আরেকটি আবেদনে দারুণ সিদ্ধান্ত দিয়েছিলেন অন-ফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ-যা রিপ্লেতে নিশ্চিত হয়।

রোচ অবশ্য ভাগ্যবানও ছিলেন। ৩০ রানে ফোকস ক্যাচ ফেলেন, ৩৫ রানে রান-আউটের সুযোগ মিস হয়. আর ৪৭ রানে ব্রেসওয়েলের বলে মিড-অন দিয়ে ক্যাচের সুযোগ সৃষ্টি হলেও গ্লেন ফিলিপস ও ব্লেয়ার টিকনারের ভুল বোঝাবুঝিতে বেঁচে যান তিনি।

শেষ সেশনে ৩১ ওভারে ১৩২ রান প্রয়োজন হলেও স্বচ্ছভাবে সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ-ওরা খেলবে ড্র-এর জন্য। গ্রিভস ক্র্যাম্পে কাবু হলেও ধৈর্য হারাননি। লাথাম কভার অঞ্চলে ফাঁকা রেখে তাকে প্রলুব্ধ করলেও তিনি ঝুঁকি নেননি।

হোপ ও গ্রিভস দ্রুত রান তুলেছিলেন, নিউজিল্যান্ড দ্বিতীয় নতুন বল দ্রুত নিতে চাইছিল বলে স্পিনার দিয়ে ওভার গড়াচ্ছিল। কিন্তু নতুন বলেও তেমন সাহায্য মেলেনি। হোপ আউট হওয়ার আগে আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন; ডাফির শর্ট বলে গ্লাভ লেগে লাথামের অবিশ্বাস্য ক্যাচ তাকে থামায়। কিছু পরেই ইমলাখও এলবিডব্লিউ হন।

তখন মনে হয়েছিল নিউজিল্যান্ড টেস্টটি জিতে নেবে। কিন্তু রোচকে আউট করতে না পারার মূল্য চুকাতে হয় ব্যাটে-বলে ক্লান্ত কিউইদের।

অবশেষে ওয়েস্ট ইন্ডিজ যে ড্রটাই পেল, সেটি হতে পারে তাদের জন্য আরও মূল্যবান এক অর্জন। দিনটি আবারও স্মরণ করিয়ে দিল-টেস্ট ক্রিকেটের ধীরগতির রূপটাই তার অনন্য যাদু।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

ওয়েস্ট ইন্ডিজ ১৬৭ (হোপ ৫৬, চান্ডারপল ৫২, ডাফি ৫-৩৪) এবং ৪৫৭/৬ (গ্রিভস ২০২, হোপ ১৪০, রোচ ৫৮, ডাফি ৩-১২২)

নিউজিল্যান্ড ২৩১ (উইলিয়ামসন ৫২, ব্রেসওয়েল ৪৭, সিলস ২-৪৪, রোচ ২-৪৭) এবং ৪৬৬/৮ ডিক্লেয়ার্ড (রভিড্রা ১৭৬, লাথাম ১৪৫, রোচ ৫-৭৮)