স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ সংসদ নির্বাচনে আরও ৩৬ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সব মিলিয়ে ২৭২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করলো দলটি। বাকি ২৮টি আসন নিয়ে নানা হিসাব-নিকাশ চলছে। এরমধ্যে যুগপৎ আন্দোলনের শরিক দল এবং জোটের শীর্ষ নেতাসহ দলের কয়েকজনের জন্য ফাঁকা রাখা হয়েছে বলে বিএনপি’র সংশ্লিষ্ট সূত্র জানা গেছে। গতকাল বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে ৩রা নভেম্বর বিএনপি প্রথম পর্যায়ে ২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। একদিন পরেই মাদারীপুর-১ আসনের ঘোষিত প্রার্থীর নাম স্থগিত করে বিএনপি। এবারের ৩৬টিসহ মোট ২৭২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করলো বিএনপি। বাদবাকি ২৮ আসনের তালিকা যথা সময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।
বিএনপি’র একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ফাঁকা রাখা বাকি ২৮ আসন মূলত সমমনাদের জন্য রাখা হয়েছে। এরমধ্যে থেকে বিএনপি’র কয়েকজন দলীয় নেতাও মনোনয়ন পেতে পারেন। এক্ষেত্রে সমমনাদের সঙ্গে আসন নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে যে, বিএনপি কত আসন ছাড় দেবে।
৩৬ জন প্রার্থী হলেন- ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ একেএম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমীর এজাজ খান, পটুয়াখালী-২ আসনে শহীদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল, টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাহউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে মো. আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ আসনে এসএ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান রতন, ঢাকা-৭ আসনের হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশীদ হাবিব, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর হোসেন।
এছাড়া গাজীপুর-১ আসনে মো. মজিবুর রহমান, রাজবাড়ী-২ আসনে মো. হারুন অর রশীদ, ফরিদপুর-১ খন্দকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আখতার, মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২ আসনে নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা-২ আসনে মো. সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন এবং কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।
সমমনাদের তিন নেতা বঞ্চিত: ঘোষিত ৩৬ আসনের মধ্যে বিএনপি’র দীর্ঘদিনের মিত্র তিন দলের তিন নেতাকে বঞ্চিত করা হয়েছে। এর মধ্যে ১২ দলীয় জোটের শরিক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ আসন থেকে নির্বাচন করার জন্য কাজ করছিলেন। দল থেকে এর আগে তার জন্য চিঠিও দিয়েছিল। যাতে বিএনপি’র নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছিল এহসানুল হুদাকে সহযোগিতা করার জন্য।
নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে এই আসন থেকে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। এবারো এই আসনে তিনি মনোনয়ন পাবেন বলে মনে করেছিলেন এনপিপি’র নেতাকর্মীরা। তবে এই আসনে বিএনপি নেতা মনিরুল ইসলামকেই বেছে নিয়েছে দলটি। একইভাবে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিল। যদিও ২০১৮ সালের নির্বাচনে তিনি পিরোজপুর-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। তার বাড়িও এই জেলায়। তবে, এবার তিনি ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন।











































