Home আঞ্চলিক বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ফার্নিচার দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ফার্নিচার দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

8

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে আগুনে পুড়ে একটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে শহরের দশানী এলজিইডি মোড় এলাকায় এই ঘটনা ঘটে।


আগুনে মূল্যবান মেশিন, খাট, দরজা ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবদুল কাইয়ুম।

প্রত্যক্ষদর্শী মো. রানা বলেন, ভোরে হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দোকানটি দাউ দাউ করে জ্বলছে। আমরা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ী আবদুল কাইয়ুম জানান, তার দোকানে মোট নয়টি মেশিন ছিল। জালি মেশিন, চারকুলার মেশিন, ড্রি মেশিন, কুল মেশিনসহ আরও বিভিন্ন সরঞ্জাম। এ ছাড়া দুটি খাট ও পাঁচটি দরজা ওই সপ্তাহেই ডেলিভারি দেয়ার কথা ছিল। সব প্রস্তুত থাকলেও আগুনে সব পুড়ে গেছে।

তিনি বলেন, ‘প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাঁচ সদস্যের পরিবারের একমাত্র ভরসা ছিল এই দোকান। এখন আমি সম্পূর্ণ পথে বসে গেলাম।’

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ পিএফএম বলেন, ‘ফোন পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, ‘দোকানটি ফার্নিচারের হওয়ায় ক্ষতির পরিমাণ ৯ থেকে ১০ লাখ টাকার মতো হতে পারে।’ আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।