Home Lead অপরিবর্তিত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, বৃটেনের চিকিৎসক দলের পর্যবেক্ষণ

অপরিবর্তিত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, বৃটেনের চিকিৎসক দলের পর্যবেক্ষণ

20


খুলনাঞ্চল রিপোর্ট।।


রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটেই (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গতকাল বুধবার বৃটেন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দল ঢাকায় পৌঁছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া টানা এক সপ্তাহ ধরে সিসিইউতেই আছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত। আগের মতোই আছেন। এখন উন্নতি-অবনতি কোনোটাই বলা যাচ্ছে না। ফুসফুসে স্বাভাবিকভাবে বাতাস চলাচল করানোর জন্য মেকানিক্যাল ভেন্টিলেশন রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার বিকালে কিডনি কার্যক্রম সচল রাখতে ডায়ালাইসিস করা হয়েছে।


মেডিকেল বোর্ডের আরেকজন চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে। কিছুটা রেসপন্স করছেন। চিকিৎসক ও পরিবারের সদস্যরা ডাক দিলে কিছুটা সাড়া দেয়ার চেষ্টা করছেন। তবে এটাকে আশানুরূপ উন্নতি বলা যাচ্ছে না। তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার উঠানামা করছে। প্রতি রাতেই বৈঠক করে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ড। যেখানে দেশি-বিদেশি অন্তত দেড় ডজন চিকিৎসক যুক্ত হন। লন্ডন ক্লিনিকের বিখ্যাত চিকিৎসকরাও যুক্ত হন। ভার্চ্যুয়ালি যুক্ত থাকেন ছেলে তারেক রহমান, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। গতকাল রাতেও খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা বৈঠক করেন।


প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা বেগম জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান। এতে আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানায়, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স এবং বৃটেন ও চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় বেগম জিয়ার চিকিৎসা চলছে। এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। একইসঙ্গে তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।


বৃটেনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায়: বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সহায়তায় বৃটেনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসেছেন। গতকাল সকাল ১০টা ২০ মিনিটে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ এই চিকিৎসক ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় নেমে প্রথমে একটি হোটেলে যান। তিনি দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান। খালেদা জিয়ার চিকিৎসায় বৃটেনের বিশেষজ্ঞ চিকিৎসকের যুক্ত হওয়ার কথা আগেই জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। জানা গেছে, বৃটেনের চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে কাজ বৈঠক করেছেন। বর্তমানে তাকে যে চিকিৎসা দেয়া হচ্ছে তা অব্যাহত রাখতে তারা পরামর্শ দিয়েছে। এর বাইরে চিকিৎসার বিষয়ে তারা পরামর্শ দিচ্ছেন বলেও সূত্রটি জানিয়েছে।


গত ২৩শে নভেম্বর থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ফুসফুসে সংক্রামণে অবস্থার অবনতি হলে গত ২৭শে নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা তাকে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
গত সোমবার রাতে বিশেষ নিরাপত্তার জন্য ও দলীয় নেতাকর্মীদের ভিড় সামলাতে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যারিকেড বসায় পুলিশ। এর আগে খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা দেয়া শুরু করেছে। গত মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটের দিকে এসএসএফ সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেয়া শুরু করেন।