ঢাকা অফিস
দেশে গত নভেম্বর মাসে মব সহিংসতায় পিটিয়ে ১৬ জনকে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরো ১১ জন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) বুধবার (৩ নভেম্বর) দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য বলেছে।
এইচআরএসএস’র তথ্যমতে, গত নভেম্বর মাসে দেশে অন্তত ২০টি গণপিটুনির ঘটনায় পিটিয়ে ১৬ জনকে হত্যার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে ২ জন নিহতের তথ্য পাওয়া যায়। এ সময়ে কারাগারে ৩ জন সাজাপ্রাপ্ত কয়েদি ও ৯ জন হাজতির মৃত্যু হয়।
এ মাসে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিও অবনতির দিকে ছিল জানিয়ে এইচআরএসএস’র মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নির্বাচনী সহিংসতায় দুজন নিহত হয়েছে। পাশাপাশি মনোনয়নকেন্দ্রিক সম্ভাব্য প্রার্থী এবং বঞ্চিত প্রার্থীদের কর্মী-সমর্থকের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২৬২ জন আহত হয়েছে। এ ছাড়া রাজনৈতিক সহিংসতা ও দলীয় অন্তর্কোন্দলে ১২ জন নিহত ও ৮৭৪ জন আহত হয়েছে।
নির্বাচনী সহিংসতা ছাড়াও গত মাসে ৯৬টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১২ জন নিহত ও ৮৭৪ জন আহত হয়। এর মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ৩৩টি ঘটনায় নিহত ১০ জন ও ৪৭৯ জন আহত হয়। এ ছাড়া ৯টি বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে ৫২ জন, ৬টি বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষে ৪১ জন, ১৫টি বিএনপি-অন্যান্য দলের মধ্যে সংঘর্ষে ১৫৫ জন আহত হয়।
নভেম্বর মাসে সারা দেশে ২৩টি ঘটনায় ৩৬ জন সাংবাদিককে নির্যাতন ও হয়রানি করা হয়েছে জানিয়ে এইচআরএসএস-এর প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনায় ২২ জন আহত, ১১ জন সাংবাদিককে হুমকি ও ১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ২টি হয়রানিমূলক মামলায় ২ জন সাংবাদিককে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। এ ছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর অধীনে এ মাসে দায়েরকৃত ৭টি মামলায় ৯ জনকে গ্রেপ্তার ও ২৭ জনের বিরূদ্ধে মামলা হয়।
অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিভিন্ন সন্ত্রাসবিরোধী আইনের ধারায় কমপক্ষে ৩৮টি মামলা হয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, এসব মামলায় ১ হাজার ১৬৬ জনের নাম উল্লেখ করে এবং ২ হাজার ৩০১ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ মাসে রাজনৈতিক মামলায় কমপক্ষে ১ হাজার ৯৯৩ জনকে গ্রেপ্তার করা হয় জানিয়ে প্রতিবেদনে বলা হয়, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মী অন্তত ১ হাজার ৭১৪ জন এবং বিএনপির নেতাকর্মী ৩৬ জন রয়েছে। এ ছাড়া সারা দেশে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৬ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, যাদের অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী।
নভেম্বর মাসে শিশু ও নারী সহিংসতার প্রতিবেদনে এইচআরএসএস জানায়, এ মাসে ১৭৭ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৪৮ জন (২৫ জন শিশু ও কিশোরী) এবং ১৩ জন নারী ও কন্যা শিশু গণধর্ষণের শিকার হয়েছেন। এমনকি ২ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ৩৬ জন নারী ও কন্যা শিশু যৌন নিপীড়ণের শিকার হয়েছেন, এর মধ্যে ১১ জন শিশু।
এছাড়া, যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ৩ জন এবং আহত হয়েছেন ৫ জন নারী। পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ২৯ জন, আহত হয়েছেন ৩২ জন এবং আত্মহত্যা করেছেন ২৪ জন নারী।
অন্যদিকে, সারা দেশে বিভিন্ন ঘটনায় ১০৩ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে। যাদের মধ্যে ২০ জন প্রাণ হারিয়েছে এবং ৮৩ জন শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে।
নভেম্বর মাসে ২৫টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ৪ জন নিহত ও ৭৬ জন আহত হয়েছেন জানিয়ে প্রতিবেদনে বলা হয়, এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ এবং শ্রমিকদের সুরক্ষামূলক সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় ১৪ জন শ্রমিক কর্মক্ষেত্রে মারা গেছেন। তাছাড়া নভেম্বর মাসে সীমান্তে ৩ টি হামলার ঘটনায় একজন বাংলাদেশি নিহত ও ৪ জন আহত হয়।











































