Home আঞ্চলিক খুলনার আদালত পাড়ায় জোড়া হত্যায় পুলিশের মামলা, আসামি ১৬

খুলনার আদালত পাড়ায় জোড়া হত্যায় পুলিশের মামলা, আসামি ১৬

20


স্টাফ রিপোর্টার।।
খুলনার আদালত ফটকের অদূরে জোড়া হত্যার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার তিন দিন পর আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে খুলনা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে একই থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১৬ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডের শিকার হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনের পরিবারের কেউ মামলা করতে রাজি না হওয়ায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।

তিনি বলেন, অজ্ঞাতনামা ১৫ থেকে ১৬ জন আসামি পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে গুলি করে ও চাপাতি দিয়ে কুপিয়ে দুজনকে হত্যা করে। ঘটনাস্থল থেকে গুলির কার্তুজ ও গুলি করার পর কার্তুজের অংশবিশেষ পাওয়া যায়। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। ঘটনার পরই কয়েকটি কারণ সামনে রেখে পুলিশ তদন্ত করছে।

নিহত রাজনের বাবা মো. এজাজ শেখ বলেন, ‘আদালতে বিচার হয়ে থাকে। কিন্তু আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলে কার কাছে বিচার চাইব। আমি কোনো মামলা করব না। মামলা করে কি হবে? আমার একটামাত্র ছেলে।

তাকে তো ওরা মেরে ফেলেছে। আমার বা আমার পরিবারের নিরাপত্তা কে দেবে? বন্ধুর উপকার করতে গিয়ে আমার ছেলে মিথ্যা মামলায় ফেঁসেছে।’
এদিকে, হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক রিপন শেখের স্ত্রী আঁখি বুধবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, রিপন শেখ ঘটনার দিন ফকিরহাটের ফলতিতা পাইকারি মাছের বাজারে মাছ কিনতে গিয়েছিল। দুপুর সাড়ে ১২টায় খুলনার আদালতের সামনে যখন হত্যাকাণ্ড ঘটে তখন সে ওই বাজারে ছিল, যার ভিডিও ফুটেজ রয়েছে।

তাকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন আঁখি।
সংবাদ সম্মেলনে উপস্থিত নিহত হাসিবের ছোট ভাই সুমন হাওলাদোর বলেন, ‘আমরা মামলা দেব না। নিহত হাসিবের দুই শিশু কন্যাসহ পরিবারের নিরাপত্তার কারণেই আমরা মামলার দিকে যাচ্ছি না। তাছাড়া হত্যায় জড়িত সন্দেহে রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। সে আমার ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী। তাকে হয়রানি করার জন্য গ্রেপ্তার করা হয়েছে।’

গত রবিবার (৩০ নভেম্বর) দুপুরে একটি অস্ত্র মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে হত্যার শিকার হন হাসিব হাওলাদার (৪০) ও ফজলে রাব্বি রাজন (৩৫)।