Home আন্তর্জাতিক প্রাচীনতম বাদ্যযন্ত্র শঙ্খ

প্রাচীনতম বাদ্যযন্ত্র শঙ্খ

17


আন্তর্জাতিক ডেস্ক

স্পেনের বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ, ট্রাম্পেট বাদক মিকুয়েল লোপেজ গার্সিয়া ও তাঁর সহকর্মী মার্গারিটা দিয়াজ-আন্দ্রেউ বলছেন, কাতালোনিয়ায় নিওলিথিক বসতি ও খনি থেকে পাওয়া ১২টি বড় শামুকের খোলস ছয় হাজার বছর আগে দূর-দূরত্বের যোগাযোগের যন্ত্র ও প্রাথমিক বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হতো। খবর দ্য গার্ডিয়ানের।

কারোনিয়া ল্যাম্পাস প্রজাতির শামুকের খোলসগুলোতে দেখা গেছে, তাদের সূঁচাল ডগাটি কেটে ফেলা হয়েছে, যা নির্দেশ করে যে এগুলো ট্রাম্পেট বা বাঁশি হিসেবে ব্যবহার করা হয়েছিল। গবেষকরা আটটি অক্ষত খোলসের ওপর শব্দ-পরীক্ষা করেন। লোপেজ গার্সিয়া ২০২৪ সালের নভেম্বের এগুলো বাজিয়ে দেখেন। তিনি জানান, এর শব্দ ‘সত্যিই শক্তিশালী, স্থিতিশীল’ এবং এর সুর আধুনিক ফরাসি হর্নের মতো।

খোলসের মুখ বা বাজানোর ধরনে সামান্য পরিবর্তন এনে এর সুর ও স্বর পরিবর্তন করা সম্ভব। লোপেজ গার্সিয়া বলেন, এই খোলসগুলো ‘পুরো মানব ইতিহাসে পরিচিত প্রথম যন্ত্রগুলোর মধ্যে অন্যতম।’ এগুলো আধুনিক পিতলের যন্ত্র, যেমন ট্রাম্পেট ও ট্রোম্বোনের প্রাচীনতম সংস্করণ। অ্যান্টিকুইটি জার্নালে প্রকাশিত এ নিবন্ধে গবেষকরা অনুমান করেছেন, এগুলো বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অথবা খনি শ্রমিকদের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হতো। লোপেজ গার্সিয়া আরও বলেন, এই যন্ত্রগুলোর ‘মেলোডিক ক্ষমতা’ থাকায় এগুলো শৈল্পিক বাদ্যযন্ত্র হিসেবেও ব্যবহৃত হয়ে থাকতে পারে।