তিন সংস্থার সমন্বয়ে পরিবর্তন >> থাকবে সরকার অনুমোদিত নির্দিষ্ট চার্জিং স্টেশন
সৈয়দ রানা কবীর
দীর্ঘদিন ধরে সড়ক ও মহাসড়কে বেপরোয়া চলাচলকারী ব্যাটারিচালিত থ্রি-হুইলার বা ইজিবাইকগুলোর জন্য বড় নীতিগত পরিবর্তন আনা হচ্ছে। চলতি বছরের শেষে প্রনয়ণ হওয়ার সম্ভাবনা নীতিমালা। তিন সংস্থার সমন্বয়ে নিয়ন্ত্রণহীন এই বাহনে আসছে পরিবর্তন।ব্যাটারিচালিত থ্রি-হুইলার চালাতে হলে বিআরটিএর নিবন্ধন ও বৈধ ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক হবে। সরকার অনুমোদিত নির্দিষ্ট চার্জিং স্টেশন ব্যবহার করতে হবে।যানবাহনগুলোকে আইনি কাঠামোর মধ্যে আনতে এবং চালকদের পেশাগত স্বীকৃতি দিতে অন্তর্বতী সরকার ‘ইলেকট্রিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫’ নামে একটি খসড়া নীতিমালা প্রনয়ন করা হয়েছে। এর ফলে এতদিন যেসব চালক ও যানবাহন ‘অবৈধ’ ও ‘অবিন্যস্ত’ পরিচয়ে পরিচিত ছিলেন, তারা এখন নাগরিক অধিকার ও মর্যাদার আওতায় আসতে যাচ্ছে। চলবে না কোন ব্যাটারি চালিত অটোরিকশা প্রধান সড়কে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও বাস্তবায়ন করছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাদ পড়তে পারে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ২০ লাখ অপরিকল্পিতভাবে তৈরী ও নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত অটোরিকশা ও থ্রি-হুইলার।
বিআরটিএ’র চেয়ারম্যানের বরাত দিয়ে খুলনা অফিসের সূত্রগুলো জানিয়েছে, থ্রি-হুইলার বা ইজিবাইক পরিচালনায় খসড়া নীতিমালায় বলা হয়েছে, ব্যাটারিচালিত থ্রি-হুইলার চালাতে হলে বিআরটিএর নিবন্ধন ও বৈধ ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক হবে। এর ফলে এই পরিবহন মাধ্যমটি সরকারিভাবে স্বীকৃত হবে এবং চালকরাও পাবেন পেশাগত পরিচয় ও সামাজিক স্বীকৃতি। এতে সরকারের বিপুল অংকে রাজস্ব আদায় হবে। নীতিমালার আওতায় এক বছরের মধ্যে অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ যানবাহনগুলোকে নির্ধারিত নিরাপদ মডেলে ধাপে ধাপে রূপান্তর করতে হবে, নতুবা আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুত্রের তথ্যমতে, বর্তমানে দক্ষিণ পশ্চিমাঞ্চলসহ দেশে প্রায় ৭০ লাখের বেশি ব্যাটারিচালিত থ্রি-হুইলার চলাচল করছে। তবে বিশেষজ্ঞ ও যাত্রীকল্যাণ পরিষদের দাবি, এ হিসাবের বাইরেও আরো রয়েছে প্রায় ২০ থেকে ৩০ লাখ ব্যাটারিচালিত থ্রি-হুইলার। এর মধ্যে শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চলেই রয়েছে প্রায় ২০ থেকে ৩০ লাখের বেশী ব্যাটারিচালিত অটোরিকশা ও থ্রি-হুইলার। যার সিংহভাগই অপরিকল্পিতভাবে তৈরী। এ সকল নিয়ন্ত্রণহীনবাহনের অধিকাংশই চার্জিং পয়েন্টেই অবৈধভাবে ব্যবহৃত হচ্ছে। এতে বিশাল একটি খাত থাকলেও এতদিন এর কোনো সুসংহত নীতিমালা ছিল না। এর ফলে খুলনাসহ সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সকল জেলা-উপজেলা ও শহরে তৈরি হচ্ছে চরম ট্রাফিক বিশৃঙ্খলা, নিরাপত্তার ঝুঁকি এবং সড়ক-মহাসড়কে ব্যাপক যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটছে।
বিশেষজ্ঞদের মতে, ধীরগতির এই যানগুলো যখন বাস, ট্রাক বা দ্রুতগতির যানবাহনের সঙ্গে একই রাস্তায় চলে, তখনই সবচেয়ে বড় বিপত্তি ঘটে। তাই নতুন এই নীতিমালায় বড় সড়ক মহাসড়কে এ ধরনের যানবাহনের সরাসরি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে, সার্ভিস লেনে এসব যান চলাচলের সুযোগ রাখা হয়েছে। কিন্তু যাদের এই আইন বা নির্দেশ বাস্তবায়নের দ্বায়িত্ব তারা রয়েছে চরমভাবে উদাসীন।
নতুন নীতিমালায় স্পষ্ট বলা হয়েছে, ব্যাটারিচালিত থ্রি-হুইলার চলতে পারবে শুধুমাত্র নির্ধারিত রুটে, সিটি করপোরেশন এলাকায়, ‘এ’ শ্রেণির পৌরসভা এবং জেলা বা উপজেলা সদরের নির্দিষ্ট অঞ্চলে। প্রতিটি এলাকার যাত্রী ও পণ্য পরিবহন কমিটি নির্ধারণ করবে কতগুলো যান চলবে, যাতে সড়কে অতিরিক্ত চাপ তৈরি না হয়।
নীতিমালা অনুযায়ী, কোনো ব্যক্তি সর্বোচ্চ তিনটি মধ্যম গতির (২৫-৪০ কিমি/ঘণ্টা) অথবা পাঁচটি ধীরগতির (২০ কিমি/ঘণ্টা বা কম) থ্রি-হুইলারের মালিক হতে পারবেন। পরিবহন কোম্পানির ক্ষেত্রে এই সংখ্যা সর্বোচ্চ ২৫টিতে সীমাবদ্ধ থাকবে। এ ধরণের যান রাস্তায় চালাতে হলে বিআরটিএ থেকে নিবন্ধন নিতে হবে এবং চালকদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
ইলেকট্রিক যান চার্জিংয়ের জন্য সরকার অনুমোদিত নির্দিষ্ট চার্জিং স্টেশন ব্যবহার করতে হবে, যা ‘বৈদ্যুতিক যান চার্জিং নির্দেশিকা, ২০২১’ অনুসারে স্থাপন করা হবে। এর পাশাপাশি, প্রতিটি যানবাহনে ফিটনেস সনদ বাধ্যতামূলক থাকবে। ব্যবহৃত যন্ত্রাংশ যেমন ব্যাটারি, মোটর, হেডলাইট, ব্রেক, স্পিডোমিটার প্রভৃতি বিটিআই অথবা মান নির্ধারক সংস্থার অনুমোদিত হতে হবে।
প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে বিআরটিএ ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর তালিকাভুক্ত থাকতে হবে। এসবের ফলে যানবাহনের মান বজায় থাকবে এবং দুর্ঘটনার আশঙ্কা কমবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক কর্মকর্তা বলেন, এই নীতিমালার প্রয়োজনীয়তা বহুদিন ধরেই অনুভব করা হচ্ছিল। এখন বাস্তব পরিস্থিতির আলোকে একটি খসড়া তৈরি করা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মতামত নেওয়া হয়েছে। ইতিমধ্যে তা সম্পন্ন হয়েছে। মতামত গ্রহণ শেষে নীতিমালাটি এখন গেজেট আকারে প্রকাশ করে তা কার্যকর করা হবে। তবে তাও আগামী এক মাস সময় লাগতে পারে। তিনি আরো বলেন, চালকদের কেবল যানচালনার আইনি অধিকারই দেওয়া হচ্ছে না, বরং তাদের জন্য প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচিও চালু করতে যাচ্ছে এই সরকার।
এই নীতিমালার মাধ্যমে শুধু যানবাহনের আনুষ্ঠানিকতা নয়, চালকদের জীবনেও এক বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতদিন এই পেশার মানুষদের ‘অবৈধ’ ও ‘নিয়ন্ত্রণহীন’ বলা হতো, যার ফলে তারা ব্যাংক ঋণ, সামাজিক স্বীকৃতি, এমনকি অনেক সময় আইনগত সুরক্ষাও পেতেন না। এখন তাদের হাতে থাকবে বৈধ লাইসেন্স, রেজিস্ট্রেশন কাগজ, যার মাধ্যমে তারা সরকারি নানা সুবিধার আওতায় আসতে পারবেন। তবে এখন যে সকল থ্রি-হুইলারগুলো চলাচল করছে তার অধিকাংশ চলাচলের অনুপেযোগী বলে জানান।
সাতরাস্তা মোড়ের সামনে কথা হয় এক চালক সিফাতুর রহমানের সাথে। তিনি বলেন, “আগে কেউ আমাদের কথা শুনতো না। পুলিশও আমাদের ভয় দেখাতো। এখন যদি কাগজপত্র থাকে, তাহলে আমাদেরও সম্মান থাকবে।
দৌলতপুর এলাকায় ইজিবাইক চালক টুটুল জানান, আমার একটি মাত্র গাড়ি নিজে চালিয়ে পরিবারের পাঁচ সদস্য নিয়ে জীবনযাপন করি। মাঝে মাঝে রাস্তায় পুলিশের প্রতিবন্ধকতায় জরিমানা দিতে হয়। তাতে খুবই কষ্ট হয়ে যায়। তবে সরকারিভাবে এটির একটি নীতিমালা করা হলে আমাদের চালক বা মালিকদের জন্যও ভালো হবে। সচরাচর পুলিশি ঝামেলায় পড়তে হবেনা। পুলিশ কথায় কথায় ডাম্পিংয়ের নামে আমাদের কাছ থেকে মোটা অংকের উৎকোচ নিয়ে ছেড়ে দেয় বলে অভিযোগ করেন।
ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের দীর্ঘদিনের অপেক্ষা এবার শেষ হতে চলেছে। ‘ইলেকট্রিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫’ বাস্তবায়িত হলে দেশের সড়কে ফিরবে শৃঙ্খলা, দুর্ঘটনা কমবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো। দীর্ঘদিন উপেক্ষিত এই পেশাজীবী শ্রেণির মানুষরা পাবে স্বীকৃতি ও মর্যাদা। এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এটি হবে দেশের পরিবহনখাতে এক যুগান্তকারী মাইলফলক।











































