Home Lead পাইপ লাইন স্থাপনের পরও থমকে আছে খুলনা বিসিকে গ্যাস সংযোগ

পাইপ লাইন স্থাপনের পরও থমকে আছে খুলনা বিসিকে গ্যাস সংযোগ

25

স্টাফ রিপোর্টার।।


খুলনা বিসিক শিল্প এলাকায় সংযোগের প্রক্রিয়া এগিয়ে যাওয়ার পরও আটকে আছে গ্যাস সরবরাহ। খুলনার আড়ংঘাটা গ্যাস স্টেশন থেকে বিসিক শিল্পনগরী পর্যন্ত ৮ কিলোমিটার নতুন পাইপ লাইন বসানো হয়েছে গত আগস্টেই। তবে পেট্টোবাংলার অনুমতি এখনও না মেলায় গ্যাস সংযোগ অনিশ্চিত হয়ে পড়েছে।


খুলনা বিসিক শিল্প এলাকায় গ্যাস সংযোগের জন্য ব্যবসায়ীদর দাবি বহু বছরের। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে আড়ংঘাটা গ্যাস স্টেশন থেকে বিসিক শিল্প নগরীতে সরাসরি গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেয়া হয় ২০২৪ সালে। এরপর ১৮ কোটি টাকা ব্যয়ে ৮ কিলোমিটার নতুন পাইপলাইন স্থাপন করে সুন্দরবন গ্যাস কোম্পানি। গত আগস্টেই কাজ শেষ হয়। কিন্তু চূড়ান্ত মুহূর্তে পেট্রোবাংলার আপত্তিতে থমকে যায় বহু প্রতীক্ষিত সংযোগ কার্যক্রম।

এ অবস্থায় শিল্প এলাকা জুড়ে অসন্তোষ ও হতাশা বাড়ছে। বিদ্যুৎনির্ভর উৎপাদনের ব্যয় লাগামহীন হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন উদ্যোক্তারা। গ্যাস সংযোগ না পাওয়ায় শিল্প উন্নয়ন, বিনিয়োগ, উৎপাদন সবই ধীরগতি হয়ে পড়ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

মিতালী ফুডসের ম্যানেজার মুরাদ হোসেন বলেন, আমরা প্রতিদিন লড়াই করছি বিদ্যুতের বিলে। গ্যাস থাকলে উৎপাদন টেনে রাখা যেত। এত টাকা খরচ করে পাইপ বসানো হলো, কিন্তু গ্যাসই নেই। কোথায় জটিলতা আছে সেটা তো জানি না। তবে প্রশাসনিক জটিলতা যাই থাকুক, তা দ্রুত দূর করে দ্রুত গ্যাস সংযোগের দাবি জানাচ্ছি আমরা।

আয়েশা ফ্লাওয়ার মিলের ম্যানেজার আব্দুল্লাহর বলেন, গ্যাসের লাইন আসার খবরে আমরা আরও তিনটি ফ্যাক্টরি এখানে নতুন করে করার জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু পাইপ লাইন স্থাপনের পরেও কেন সংযোগ দেয়া হচ্ছে না আমরা বুঝতে পারছি না। বছরের পর বছর শুধু আশ্বাসই শুনে আসছি আমরা। গ্যাস পাওয়া না গেলে এখানে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে।

যদিও বিসিক কর্তৃপক্ষ জানায় ব্যবসায়ীদের শিল্প সংযোগ দিতে তারা অনাপত্তি পত্র দিয়েছে। এখন বিষয়টি পেট্রোবাংলা ও গ্যাস কোম্পানির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিসিক খুলনার শিল্প নগরী কর্মকর্তা মো: খায়রুল ইসলাম বলেন, এখানকার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করা হয়েছিলো গ্যাস সংযোগের জন্য। ঊর্ধ্বতন কতৃপক্ষের মাধ্যমে আমরা তাদের অনাপত্তি পত্র প্রদান করেছি। বিষয়টি এখন সুন্দরবন গ্যাস কোম্পানি আর পেট্টোবাংলার উপর নির্ভর করছে।

তিনি আরও বলেন, এখানে কিছু প্রতিষ্ঠান বন্ধ অবস্থায় রয়েছে। গ্যাস সংযোগ হলে সেসব জায়গায় হস্তান্তরের মাধ্যমে নতুন বিনিয়োগকারীরা আগ্রহী হবেন।

বিসিক এলাকায় গ্যাসের সংযোগ না থাকা এ অঞ্চলের অর্থনীতি পিছিয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে বলছেন অর্থনীতিবীদরা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক খান মেহেদী হাসান বলেন, এ অঞ্চলের শিল্পায়ন হচ্ছে না গ্যাসের অভাবে। যেখানে পাইপ লাইন স্থাপন হয়ে গিয়েছে, সেখানে দেরি করাটা ঠিক হচ্ছে না। এখানে গ্যাসের সংযোগ দেয়া গেলে নতুন নতুন বিনিয়োগকারীরা আগ্রহী হবেন, তাতে এ অঞ্চলে কর্মসংস্থানও বাড়বে। একই সাথে বিদ্যুতের অপচয়ও কমবে। সব মিলিয়ে অর্থনৈতিক গতিশীলতাও বৃদ্ধি পাবে।

আর এ অঞ্চলের গ্যাস সংযোগের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সুন্দরবন গ্যাস কোম্পানি বলছে, দ্রুতই বিসিক এলাকায় গ্যাস সংযোগের জন্য কাজ করছেন তারা।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গৌতম কুমার কুন্ডু বলেন, আমরা বিসিক এলাকায় গ্যাসের সংযোগ দিতে চাই। ব্যবসায়ীদের দাবির কারণেই তো আমরা পাইপ লাইন স্থাপন করেছি। তবে পেট্টোবাংলা থেকে আমাদের জানানো হয়েছিলো, এখন কিছুটা গ্যাসের স্বল্পতা আছে। তবে আমরা বিষয়টি পুনর্বিবেচনার জন্য আরও একবার তাদের চিঠি দিয়েছি। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যেই বিসিক শিল্প এলাকায় গ্যাসের সংযোগ দিতে পারবো। বিসিক শিল্প এলাকায় গ্যাস সংযোগ হয়ে গেলে এখানে অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আমাদের বিশ্বাস।