Home আঞ্চলিক সাংবাদিক লিয়াকত আলীর ১০ম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক লিয়াকত আলীর ১০ম মৃত্যুবার্ষিকী আজ

20


খবর বিজ্ঞপ্তি
আজ ২৮ নভেম্বর, কিংবদন্তী সাংবাদিক, উন্নয়ন পরিচিন্তক, সংগঠক, সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক আলহাজ লিয়াকত আলীর ১০ম মৃত্যুবার্ষিকী।
২০১৫ সালের ২৮ নভেম্বর রাতে আকস্মিকভাবে তিনি ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি কয়েকদিন জ্বরে ভুগছিলেন।

সাংবাদিকতায় এবং বিশেষ করে সম্পাদক হিসেবে তিনি দেশ-বিদেশের গণমাধ্যম জগত ছাড়াও নানাক্ষেত্রে সুপরিচিত ছিলেন। দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সাংবাদিকতা ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি পেশাগত উৎকর্ষে নিজে কঠোর পরিশ্রম করেন। খুলনার উন্নয়নের ক্ষেত্রে তিনি অন্যতম একজন সংগঠক, রূপকার। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল কলেজ, ওয়াসা স্থাপনের দাবি, রূপসা সেতু, আধুনিক রেল স্টেশন, বিভাগীয় স্টেডিয়াম, বিমানবন্দর নির্মাণের দাবিসহ খুলনার উন্নয়নের প্রধানতম ইস্যুগুলো তুলে ধরে রাজনৈতিক দলের স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করানোর ব্যাপারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। খুলনার খালিশপুরের শিল্পাঞ্চলের সমস্যা, শ্রমিকদের বঞ্চনার বিষয়টিতেও তাঁর চোখ এড়িয়ে যায়নি। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ব্যানারে খুলনার অন্যতম সমস্যা সমাধান, উন্নয়ন সম্বলিত দাবি নিয়ে দলমত নির্বিশেষে সবাইকে ঢাকায় এবং খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে একটেবিলে বসানোর ব্যাপারে অন্যতম সমন্বয়ক হিসেবে কাজ করেন। তিনি সম্পাদক পরিষদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন, সমবায় আন্দোলন ও সমবায় ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব প্রদান ও নির্বাচিত হন। এছাড়াও নানা ক্ষেত্র ও গণ্ডিতে তিনি সম্যক জ্ঞানের অধিকারী থাকায় প্রতিনিধিত্বশীল ভূমিকা রাখতে সক্ষম হন।


আলহাজ লিয়াকত আলী ১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, আর ২০১৫সালের ২৮ নভেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর সাথে সাথে অবসান ঘটে তাঁর কর্মমমুখর বর্ণাঢ্য জীবন ও দীর্ঘ পঞ্চাশ বছরের সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র পুরুষের।
আজ ২৮ নভেম্বর তাঁর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইকবাল নগর জামে মসজিদে বাদ আছর দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া ইকবালনগরসহ কয়েকটি মাদ্রাসায় এতিমদের জন্য খাবারের ব্যবস্থা নেওয়া হয়েছে।