স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহারে উপকূলের মানুষের সংকট নিরসনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি অন্তর্ভুক্তিতে কাজ করার অঙ্গীকার করেছেন খুলনার রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জলবায়ূ পবির্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাই নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে ‘নাগরিক সংলাপে’ রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন। খুলনা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম বেসরকারি সংস্থা লির্ডাসের সহযোগিতায় এ সংলাপের আয়োজন করে।
এতে নির্বাচন পূর্ব মতভেদ ভুলে এক মঞ্চে উপস্থিত হন বিএনপি, জামায়াত ইসলাম, সিপিবি, এনসিপি, ্ইসলামী আন্দোলন, বাসদ,জাসদ ও গণসংহতিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
ফোরামের সভাপতি জেষ্ঠ্য সাংবাদিক ও গবেষক গৌরাঙ্গ নন্দীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন লিডার্সের প্রতিষ্ঠা নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরামের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মুকুল।
সংলাপে বক্তব্য দেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সিপিবির জেলা সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, জাসদের কেন্দ্রীয় নেতা খালিদ হোসেন, বাসদের নগর সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, গণসংহতি আন্দোলনের খুলনা-২ আসনের প্রার্থী মুনীর চৌধুরী সোহেল, ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র জেলা সমন্বয়ক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়েজুল্লাহ, কেন্দ্রীয় সংগঠক মো: ওয়াহিদ উজ্ জামান, জামায়াত ইসলামীর প্রতিনিধি এম মুকুল, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মিজানুর রাহমান বাবু, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, কোস্টাল ভয়েস অব বাংলাদেশের সাংবাদিক আবু হেনা মোস্তফা জামাল পপলু, কৌশিক দে, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, মোহাম্মদ মিলন হোসেন,নারী নেত্রী অ্যাডভোকেট পপি ব্যানার্জী প্রমুখ।
সংলাপে উপকূলীয় অঞ্চলের জলবায়ুজনিত সংকট, বাস্তুচ্যুতি, লবণাক্ততা, পানি সংকট, জীবিকা হুমকি,অবকাঠামোগত দুর্বলতা ও বৈষম্যের বিষয়গুলো তুলে ধরা হয়। আন্তর্জাতিক সংস্থা সমুহের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, বাংলাদেশ বিশ্বে জলবায়ু-উৎপন্ন দুর্যোগের ঝুঁকিতে নবম অবস্থানে রয়েছে। জার্মানওয়াচ-এর জলবায়ু ঝুঁকি সূচক ২০২৫ অনুসারে, বাংলাদেশ দীর্ঘমেয়াদি সময়ে উচ্চ ঝুঁকিতে রয়েছে ও ৩১তম অবস্থানে রয়েছে। বিজ্ঞানীদের ধারণা ২১০০ সালের মধ্যে সমুদ্রপৃষ্টের উচ্চতা ৩০-১০০ সেন্টিমিটার এ উন্নীত হবে, যার ফলে দক্ষিণ-পশ্চিম উপকূলীয়সহ সমগ্র উপকূলীয় অঞ্চলের প্রায় ৮৩৪ বর্গকিলোমিটার সমুদ্রগর্ভে বিলীন হবে এবং ১০ মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়বে।











































