স্পোর্টস ডেস্ক
শেষ মুহূর্তের রোমাঞ্চে ভরপুর এক ম্যাচে যোগ করা সময়ের গোলে ইন্টার মিলানকে ২-১ ব্যবধানে হারাল আতলেতিকো মাদ্রিদ। বুধবার ওয়ান্দা মেত্রোপোলিতানোতে চ্যাম্পিয়নস লিগের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে জয় নিশ্চিত করা গোলটি আসে হোসে মারিয়া গিমেনেজের হেড থেকে।
হুলিয়ান আলভারেসের শুরুর গোলের পর পিওতর জিয়েলিনস্কি সমতায় ফিরিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান। তবে ৯৩তম মিনিটে অঁতোয়ান গ্রিজমানের নিখুঁত কর্নারে সবার ওপরে উঠে হেড করে জালে পাঠান গিমেনেজ- সেই গোলেই আনন্দে ফেটে পড়ে মাদ্রিদের দর্শকরা।
তবে পরাজয়ের পরও গ্রুপ টেবিলের শীর্ষ চারে টিকে আছে ইন্টার মিলান। তাদের পয়েন্ট ১২-সমান পয়েন্ট প্যারিস সেন্ট জার্মেইন, বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদেরও। তিন পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে আর্সেনাল। আতলেতিকোর এই জয়ে তারা উঠে এসেছে ১২তম স্থানে, ৯ পয়েন্ট নিয়ে টিকে রেখেছে শেষ ষোলোতে ওঠার ক্ষীণ আশা।
এর আগে ইউরোপে অপরাজিত থাকা ইন্টার ঘুরে দাঁড়াতে চেয়েছিল এসি মিলানের বিপক্ষে ডার্বি পরাজয়ের পর। ক্রিস্তিয়ান কিভুর দল চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত। এর আগে টানা চার ম্যাচ জিতে মাত্র একটি গোল হজম করেই এসেছিল মাদ্রিদে।











































