ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের সদরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ফুরসন্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের শাহাবুল মোল্লা ও হায়দার মণ্ডলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো।
সম্প্রতি দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে বৃহস্পতিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত উভয় পক্ষের ১০ জন আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।











































