স্পোর্টস ডেস্ক
২০২৬ বিশ্বকাপের ড্র পদ্ধতি ঘোষণা করেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী স্পেন গ্রুপসেরা হলে আর্জেন্টিনার মুখোমুখি হবে না ফাইনালের আগে। একইভাবে ফ্রান্স ও ইংল্যান্ডও গ্রুপসেরা হলে সেমিফাইনালের আগে একে অন্যের সঙ্গে খেলবে না।
৪৮ দলের এই বিস্তৃত টুর্নামেন্টে প্রতিযোগিতামূলক ভারসাম্য বজায় রাখতে শীর্ষ র্যাঙ্কধারী দলগুলোকে ব্র্যাকেটের দু’ভাগে ভাগ করা হয়েছে। ফলে এক নম্বরে থাকা স্পেন ও দুই নম্বরে থাকা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা থাকবে বিপরীত অর্ধে। তিন নম্বর ফ্রান্স ও চার নম্বর ইংল্যান্ডও একইভাবে আলাদা ভাগে থাকছে।
ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ চারটি বাছাই দল গ্রুপসেরা হলে সেমিফাইনালের আগে একে অন্যের মুখোমুখি হবে না।
২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। পরদিন ৬ ডিসেম্বর প্রকাশ করা হবে আপডেটেড ম্যাচ সূচি, ভেন্যু ও কিক-অফ সময়সহ।
ড্রয়ের পট বিন্যাস
পট–১: আয়োজক দেশ কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র-এদের সঙ্গে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি।
পট–২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।
পট–৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিশিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা।
পট–৪: জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড এবং ইউরোপিয়ান প্লে-অফ এ, বি, সি, ডি–এর বিজয়ী দলগুলো, সঙ্গে ফিফা প্লে-অফ টুর্নামেন্ট ১ ও ২-এর বিজয়ীরা।
একই কনফেডারেশনের দুটি দল একই গ্রুপে থাকতে পারবে না। ব্যতিক্রম শুধু উয়েফা, যাদের ১৬টি দল রয়েছে-তাদের ক্ষেত্রে সর্বোচ্চ দুই দল একই গ্রুপে থাকতে পারে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই নিউ জার্সিতে ফাইনালের মাধ্যমে শেষ হবে।











































