Home Lead বিভিন্ন স্থানে ফাঁটল, খসে পড়ছে পলেস্তারা: ভেঙে পড়ার ঝুঁকিতে কেসিসি ভবন

বিভিন্ন স্থানে ফাঁটল, খসে পড়ছে পলেস্তারা: ভেঙে পড়ার ঝুঁকিতে কেসিসি ভবন

48


রানা কবির ।।
বিভিন্নস্থানে ফাঁটল ও পলেস্তারা খসে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)র পুরনো ‘নতুন পৌরভবন’। ফলে ভবনটিতে বিভিন্ন দপ্তরের কর্মরতরা ঝুঁকি নিয়ে কাজ করছেন। প্রায়ই কোন দপ্তরের পলেস্তারা খসে পড়ে আসবাবপত্র ক্ষতি হচ্ছে। ফলে যে কোন সময় এ ভবনের ছাদ ধসে বা যে কোনভাবে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সম্প্রতি এমন পলেস্তারা ধসায় অল্পের জন্য রক্ষা পান সম্পত্তি শাখার কর্মচারীরা।
তারা বড় দুর্ঘটনা এড়াতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


সিটি করপোরেশেনর তথ্য অনুযায়ী, ১৯৮৩ সালের এপ্রিল মাসে শহিদ হাদিস পার্কের বিপরীতে কে ডি ঘোষ রোডে ‘নতুন পৌরভবন’র ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) মো: আজিজুল হক ভুঁইয়া। আর ১৯৯২ সালের ২ সেপ্টেম্বর চর্তুথতলা অফিসের উদ্বোধন করেন তৎকালীন সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমান। সেই হিসেবে ভবনটির বয়স এখন ৪৩ বছর। বর্তমান আধুনিক নগর ভবনের আগে এখানে নগরীর সকল কার্যক্রম পরিচালিত হতো। বর্তমানে আধুনিক নগর ভবনে মেয়র, প্রধান নির্বাহী, সচিব, শহিদ আলতাব মিলনায়তনসহ থাকলেও ৫তলা বিশিষ্ট পুরনো ভবনটি কনঞ্জারভেসন্সী, আইটি, সম্পত্তি, ভ্যাকুট্যাক সার্ভিস, পরিকল্পনা শাখাসহ গুরুত্বপূর্ণ ১০-১২ শাখা পরিচালিত হচ্ছে। এসব শাখার কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা প্রায় অর্ধশত বছরের ভবনটি ঝুঁকি নিয়ে কাজ করছেন। সর্বশেষ গত রবিবার সকালে ভবনের চতুর্থ তলার সম্পত্তি শাখার ৪০৫ নম্বর রুমের পলেস্তারা ভেঙে কোষাধ্যক্ষ রবিন মালাকারের টেবিলে পড়ে। এতে টেলিফোন সেটটিসহ কিছু আসবাবপত্র নষ্ট হয়। এভাবেই প্রতিদিনই কোন না কোনো কক্ষের পলেস্তারা খসে পড়ছে। একাধিক বার ভবন সংস্কার করলেও তা কাজে আসছে না।


সম্পত্তি শাখার কোষাধ্যক্ষ রবিন মালাকার, কর্মকর্তা ফারুক হোসেন, কন্জারভেন্সি শাখার রওশন আরা ও অশ্রুকনা দাসসহ অন্যরা জানান, তারা সব সময়ই ভয়ের মধ্যে কাজ করছেন। বিল্ডিংয়ের ভিম ও দেয়ালে বড় বড় ফাটল ধরেছে প্রায় সবকটি রুমের পলেস্তারা ভেঙে আসবাবপত্রের বেশ ক্ষতি হয়েছে। ভবনটি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরী। না হলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।


অপরদিকে ভবনের বাইরে পেছনের দিকে অসংখ্য বট-পাকুড় জম্মেছে। বড় বড় ফাঁটল সৃষ্টির পাশাপাশি পলেস্তারা খসে পড়ে জরাজীর্ণ আকার ধারণ করেছে। এমন অবস্থায় গুরুত্বপূর্ণ ভবনটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।


নাম প্রকাশ না করার শর্তে ভবনটিতে কর্মরত কয়েকজন জানান, একইভাবে শুধু বালু সিমেন্ট দিয়ে সংস্কার, জোড়াতালিতে শুধু অর্থ নষ্ট হবে। এ নিয়ে একটি স্থায়ী ব্যবস্থা দরকার।


বিষয়টি স্বীকার করে খুলনা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (ক অঞ্চল) শেখ মোহাম্মদ মাসুদ করিম বলেন, গত ১৩-১৪ বছর ধরেই ভবনটির এমন নাজুক অবস্থা। মাঝে মাঝে খসে পড়া পলেস্তারা সাময়িকভাবে সংস্কার করা হচ্ছে। এ নিয়ে আগেও আলোচনা হয়েছে। তবে এখনও স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাতের জানানো হয়েছে।