Home খেলাধুলা মোহামেডানের জয়

মোহামেডানের জয়

4


ক্রীড়া ডেস্ক

দুদিন আগেও বেতন-ভাতার জন্য অনুশীলন বয়কট করেছিলেন মোহামেডানের ফুটবলাররা। অনেক বুঝিয়ে দলটিকে মাঠে নামান সাদা-কালো কর্মকর্তারা। ভাঙাচোরা সেই দলটিই কিনা এবার প্রথম জয় পেল আবাহনীকে হারিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগে প্রথমবার পূর্ণ তিন পয়েন্ট পেল মতিঝিলপাড়ার ঐতিহ্যবাহী ক্লাবটি। গতকাল সোমবার কুমিল্লায় অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-২ গোলে হারিয়ে দিয়েছে আকাশি-হলুদদের।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের ম্যাচে প্রথমার্ধে মোহামেডান ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। তাদের হয়ে গোল করেন ঘানার এমানুয়েল কেকে, স্যামুয়েল বোয়েটেং ও রহিম উদ্দিন। আবাহনীর গোলদাতা পাপন সিং ও শেখ মোরসালিন। ২০ মিনিটে রহিম উদ্দিনের গোলে এগিয়ে যায় মোহামেডান। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেকে। ৫৮ মিনিটে বোয়েটেং গোল করলে বড় ব্যবধানে জয়ের দিকে এগিয়ে যেতে থাকেন বর্তমান চ্যাম্পিয়নরা। তবে আবাহনী ঘুরে দাঁড়ানোর আভাস দেয় ৭৩ ও ৭৯ মিনিটে দুই গোলে করে। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি আবাহনী। প্রিমিয়ার ফুটবল লিগে সাতবারের সাক্ষাতে মোহামেডানের কাছে তিনবার হারল আবাহনী। গত মৌসুমের দুই ম্যাচের একটি জিতেছিল মোহামেডান, একটি ম্যাচ ড্র হয়েছিল। ২০২২-২৩ মৌসুমে লিগের প্রথম ম্যাচে আবাহনী জিতেছিল মোহামেডানের বিপক্ষে। এরপর ৬ ম্যাচেও জয়ের মুখ দেখা হলো না আবাহনীর। এই জয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে তলানি থেকে সপ্তম স্থানে উঠে এসেছেন সাদা-কালোরা। সমান ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে পরের স্থানেই রয়েছে আবাহনী।

এদিকে মানিকগঞ্জের মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কিংস ২-০ গোলে হারিয়েছে আরামবাগকে। জয়ী দলের ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজ একই দুই গোল করেন। এই জয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কিংস। সমান ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে নবম স্থানে আরামবাগ। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্ল. লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ২-০ গোলে হারায় ফকিরেরপুল ইয়ংমেন্সকে। জয়ী দলের হয়ে নেপালের সানিশ শ্রেষ্ঠা ও অনিক বিস্তা গোল দুটি করেন। এই জয়ে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে গোপীবাগের দলটি। সমান ম্যাচে এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ফকিরেরপুল। অন্যদিকে কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ফর্টিজ এফসি ও পুলিশের মধ্যকার দিনের আরেক ম্যাচ গোলশূন্য ড্র হয়। এই ড্রয়ে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে পুলিশ। সমান ম্যাচ খেললেও চার পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ফর্টিজ।