স্টাফ রিপোর্টার।।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে শুয়ে আছে মাত্র দুই দিনের এক কন্যাশিশু। জন্মের পরপরই যাকে ফেলে রেখে চলে গেছেন তার মা–বাবা। সময় যত যাচ্ছে, ততই বাড়ছে অনিশ্চয়তা। ফিরে কি আসবেন তারা? নাকি অন্য কারও স্নেহের ঘরেই গড়ে উঠবে শিশুটির ভবিষ্যৎ?
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান জানান, শিশুটি নবজাতক বিভাগেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে। ভর্তির সময় যে ঠিকানা ও মোবাইল নম্বর দেয়া হয়েছিল, তা ভুয়া প্রমাণিত হয়েছে। পুলিশ শিশুটির মা-বাবাকে খুঁজে পেতে চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসককে আহ্বায়ক ও সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালককে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার এ বিষয়ে কমিটির বৈঠক হবে। শিশুটিকে দত্তক নিতে ১৫-২০ জন আবেদন করেছেন। এছাড়া আগের আরও প্রায় ১১৫টি আবেদন রয়েছে।
এদিকে, শিশুটির খোঁজ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার (২৫ নভেম্বর) হাসপাতালে যান বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’-এর সদস্যরা। তারা শিশুটির চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।
ভার্চুয়ালি যুক্ত হয়ে সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা–সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি হাসপাতালের পরিচালক ডা. মো. আইনুল ইসলাম, তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান, সহকারী পরিচালক ডা. আহসান হাবীবসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিশুটির সামগ্রিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির চিকিৎসা ও সুরক্ষার জন্য আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় শিশু–সুরক্ষা সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়।
সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন জানান, শিশুটির বাবা-মায়ের পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা চেষ্টা করছি।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৩ নভেম্বর দুপুরে মিম নামের এক প্রসূতিকে তার স্বামী পরিচয়দানকারী রবিউল নামে এক ব্যক্তি প্রসূতি ওয়ার্ডে ভর্তি করান। সেই দিন বিকেল ৪টার দিকে স্বাভাবিক প্রসবে জন্ম নেয় কন্যাশিশুটি। কিন্তু পরদিন সকালে ডাক্তার রাউন্ডে গিয়ে দেখেন, বিছানায় শুধু নবজাতকটি আছে, মা-বাবা উধাও। ভর্তি ফরমে দেয়া ফকিরহাটের ঠিকানাটি সম্পূর্ণ ভুয়া এবং দেয়া মোবাইল নম্বরে ফোন করেও কোনো সাড়া মেলেনি।
এদিকে, শিশুটিকে এক নজর দেখতে ওয়ার্ডে ভিড় করছেন অনেকেই। কৌতূহলী জনতা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্মীদের। শিশুটি আপাতত হাসপাতালের তত্ত্বাবধানে নিরাপদেই আছে।











































