স্টাফ রিপোর্টার
মাত্র তিন বছর বয়সে বাবার হাত ধরে খুলনায় এসেছিলেন মোঙু রাউত (৬৫)। প্রায় ছয় দশকের জীবনে ৫ বার তার ঘর হারিয়েছে। পেতেছেন নতুন আশ্রয়। কিন্তু তারপরও হয়নি স্থায়ী ঠিকানা। বর্তমানে ১৭ বছর ধরে আশ্রয় নিয়েছেন নগরীর ৫ নম্বর ঘাট এলাকার গ্রীণল্যাণ্ড বস্তির রেলের জমিতে। নিত্য অভাব, বঞ্চনা আর কষ্টে স্ত্রী-কন্যাসহ পরিবারের ৬-৭ সঙ্গে এখানেই তার কষ্টের জীবন কাটছে।
মোঙু রাউত জানান, বাবার রেলে কাজের সূত্রে প্রথমে তাদের আবাস হয়েছিল লোকোসেড এলাকার। সেখান থেকে ঘর কিনে বসবাস শুরু করেন নিক্সন মার্কেটের পিছনে; দু’বার ভাঙা পড়ে তার ঘর। এরপর চলে যান ভাড়া বাসায়। কিন্তু ভাড়া বাসায়ও বেশীদিন থাকতে পারেননি। আশ্রয় মেলে বর্তমান আবাসস্থলে। তিনি বলেন, এমন জীবন যেন কারো না হয়। মাসে মাত্র ৮ হাজার টাকার কাজ। দেনাদারদের হুমকিতে বেঁচে থাকা কষ্ট। ঋণ নিয়ে সুদসহ টাকা দিয়েও রেহাই নেই। অথচ মাথা গোঁজার স্থায়ী জায়গা হলেও ভয় কম থাকতো। কে আবার তাড়িয়ে দেবে?’
শুধু মোঙু মাউতই নন, এমন অনিশ্চয়তা ও ভাঙা-গড়ার জীবন পার করছেন খুলনায় দলিত জনগোষ্ঠীর হাজারো পরিবার। বছরের বছর তাদের স্থায়ী ঠিকানা না হওয়ায় যেমন উচ্ছেদ আতংকে ভোগেন, তেমনি নিরাপত্তা, পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। যেখানে বাল্য বিবাহ, অনিরাপদ মাতৃত্বতো স্বাভাবিক বিষয়। অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান নিয়ে অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।
খোঁজ নিয়ে জানাগেছে, মহানগরীর ঋষিপাড়া (২৫ নম্বর ওয়ার্ড), নিউমার্কেট সংলগ্ন ময়লাপোতা বস্তি, পুলিশ লাইন, বার্মাশীল, নিক্সন মার্কেট ও নগরীর ৫ নম্বর ঘাট (২১ নম্বর ওয়ার্ড), রায়েরমহল জেলেপাড়া (১৪ নম্বর ওয়ার্ড) এলাকায় হরিজন ও দলিত জনগোষ্ঠীর বসবাস। এরমধ্যে ঋষিপল্লীতে তিন শতাধিক, ময়লাপোতা বস্তিতে ১৩৫টি, গ্রীণল্যাণ্ড বস্তিতে একশ’সহ মহানগরীতে সহস্রাধিক পরিবার বসবাস করছেন।
বেসরকারি সংস্থাগুলোর প্রতিবেদন অনুসারে, খুলনার ৩টি উপজেলা তেরখাদা, রূপসা ও সদরে প্রায় ৬ হাজার ৯৫২টি পরিবারের ২০ হাজার ৮৫৬ জন লোক স্থায়ীভাবে বসবাস করেন। যারা দলিত ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ভুক্ত। যাদের প্রধান সমস্যা স্থায়ী বাসস্থান, অর্থনৈতিক, নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও বাল্যবিয়ে।
দলিত ও প্রান্তিক গোষ্ঠীর এমন দুরবস্থার চিত্র ফুটে উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) গবেষণা জরিপেও। চলতি বছরে খুলনা বিশ্ববিদ্যালয়ের আরবান এণ্ড রুরাল প্লানিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো: মোস্তাফিজুর রহমান ও শিক্ষার্থী রাবেয়া সুলতানা। নগরীর ১৪ ওয়ার্ডের ৩৫০ জন নারী ও শিশুর দৈবচয়ন ভিত্তিতে ‘ইমপ্ওায়ারিং ভয়েস-জয়েন্ট অ্যাডভোকেসী ফর ওমেন এণ্ড গার্লস একসেস টু ইনফরমেশন এণ্ড সিকিউরিটি ইন বাংলাদেশ’ শীর্ষক এ জরিপ পরিচালিত হয়।
জরিপের পরিসংখ্যান অনুযায়ী, খুলনায় দলিত ও প্রান্তি জনগোষ্ঠীর ৫২ শতাংশ নারী ও কিশোরী নিজেকে অনিরাপদ , ৭০ শতাংশ এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগ যথার্থ কার্যকর নয় বলে মনেকরেন। তাদের বাল্য বিয়ের হার ৫৬ শতাংশ, যৌতুকের হার ৫৫ শতাংশ, অপরিণত বয়সে মাতৃত্বের হার ৫৬ শতাংশ। আর অনিরাপদ পদ্ধতিতে বাসা-বাড়িতে সন্তান প্রসবের হার ৬৩ শতাংশ।
অধ্যাপক মো: মোস্তাফিজুর রহমান প্রতিবেদনে বলেন, এই গবেষণার লক্ষ্য হলো নারী ও শিশুদের তথ্যপ্রাপ্তি এবং নিরাপত্তার বর্তমান স্তরটি মূল্যায়ন করা। তাদের নির্দিষ্ট চাহিদা ও প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা। যা ভবিষ্যতের প্রকল্পের কার্যক্রম প্রণয়ন ও প্রভাব সৃষ্টি করবে।
নগরীর ঋষিপাড়ার বাসিন্দা মল্লিকা রাণী দাস। দলিত জনগোষ্ঠীর এ নারীও বাল্য বিয়ের শিকার হন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই ছেলেকে নিয়ে বাবার পাশেই বসবাস করছেন। অদম্য মনোবল নিয়ে টিকে থাকার লড়াই করছেন। তিনি বলেন, আমাদের কষ্টের কোন শেষ নেই। ছোট একটি ঘরে ৫/৬জনকে থাকতে হয়। বস্তিতে একেকটি টয়লেট কমপক্ষে ২০টি পরিবার ব্যবহার করে। তারপরও বসবাসের স্থায়ী জায়গা না থাকায় সব সময়েই উচ্ছেদ আতংকে থাকতে হচ্ছে।
২১ নম্বর ওয়ার্ডের জতন রাউত (৪০) বলেন, বছরের পর বছর যে মাটি আগলে রাখছি, তা থেকে যে কোন সময় উচ্ছেদ হতে। আমাদের দেখার কেউ নেই।
দলিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করছেন খুলনার জেষ্ঠ্য আইনজীবী ও নারী নেতা পপি ব্যানার্জী। তিনি বলেন, দলিত জনগোষ্ঠীর প্রধান সমস্যা স্থায়ী আবাসন, আর্থিক নিরাপত্তা। যুগের পর যুগ তাদের স্থায়ী আবাসন হয়নি। নিরাপত্তাহীনতা, আর্থিক সংকটের তাদের মধ্যে বাল্য বিয়ে, যৌতুক, বিচ্ছেদের ঘটনা ঘটছে। এই জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধি, স্থায়ী বাসস্থান, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরী।
বেসরকারি সংগঠন ‘দলিত’র নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস বলেন, ‘দলিত জনগোষ্ঠীর প্রতি বিভিন্ন বৈষম্য নিরসনে আমরা কাজ করছি। তাদের অন্যতম প্রধান সমস্যা স্থায়ী আবাসের। যা তাদের অনিরাপদ করে তুলেছে। এজন্য সুনিদিষ্ট নীতিমালা ও স্থায়ী আবাসনের ব্যবস্থা করা জরুরী।’
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আক্তার হোসেন বলেন, সরকারের খাসজমি বস্তোবস্তের নীতিমালা রয়েছে। ভূমিহীনরা ওই নীতিমালা অনুসরণ করে উপজেলা প্রশাসন থেকে বরাদ্দ নিতে পারেন। এ ক্ষেত্রে প্রশাসন সহযোগিতা করবে।
উল্লেখ্য, ক্রিশ্চিয়ান এইড, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও মানুষের জন্য ফাউন্ডেশন সম্মিলিতভাবে ‘এক্সপ্যানডিং সিভিক স্পেস থ্রো একটিভ সিএসও পার্টিসিপেটেশন এণ্ড স্টেনথদ্যানড গর্ভারনেন্স সিস্টেম ইন বাংলাদেশ (ইসিএসএপি)’ নামে একটি প্রকল্পের মাধ্যমে প্রান্তিক নারী, দলিত, প্রতিবন্ধী ব্যক্তি, ট্রান্সজেন্ডার, আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।











































