মোরেলগঞ্জ প্রতিনিধি।।
প্রস্তাবিত সেলিমাবাদ থানার দাবিতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) ৩নং পুটিখালী ইউনিয়নের ভাটখালী বাজারে লিফলেট বিতরণ ও পথসভা করেছে স্থানীয় নেতৃবৃন্দ। এ কর্মসূচির নেতৃত্ব দেন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আজিম বাবুল।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রস্তাবিত সেলিমাবাদ থানার সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, অ্যাডভোকেট ইস্কিন্দার আলী খান, পুটিখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ফরাজী, দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন এবং পুটিখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সোহাগসহ অসংখ্য নেতা–কর্মী।

পথসভায় বক্তারা বলেন, সেলিমাবাদ থানার দীর্ঘদিনের দাবি আজও বাস্তবায়িত হয়নি। থানাটি প্রতিষ্ঠা হলে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসেবা প্রাপ্তি এবং নিরাপত্তা আরও বেগবান হবে বলে তারা উল্লেখ করেন। বক্তারা আরও জানান, প্রশাসনের কাছে বহুবার দাবি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এ সময় তারা দ্রুত প্রস্তাবিত সেলিমাবাদ থানার অনুমোদন ও স্থাপন দাবি করেন এবং এ দাবি বাস্তবায়নে গণআন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।











































