কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে বিরল প্রজাতির কালোমুখো দুটি হনুমান ভারতে পাচারের সময় বিজিবির হাতে ধরা পড়ে। হনুমান দুটিকে কেশবপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে একটি হনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
বৃহস্পতিবার সকালে শহরের হাসপাতাল মোড়ে হনুমানটির মৃত্যু হয়।
কেশবপুর বন বিভাগের ফরেস্টার সমিরণ বিশ্বাস ও হনুমানের খাদ্য বিতরণকারী আতিয়ার রহমান এ ঘটনা নিশ্চিত করেছেন।
হনুমানের বিভিন্ন কেন্দ্রে খাদ্য দেওয়ার সময় আতিয়ার জানতে পারেন হাসপাতাল মোড়ে সকাল ১০টার দিকে একটি হনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তিনি মৃত হনুমানটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসেন। প্রাণিসম্পদ অফিসার হনুমানটি মৃত ঘোষণা করেন। পরে হনুমানটি মধ্যকুল পৌরসভার ময়লাখানায় মাটি চাপা দেওয়া হয়।
কেশবপুর বন বিভাগের ফরেস্টার সমিরণ বিশ্বাস আরও জানান, দুটি হনুমান গত এক মাস আগে পাচারের সময় বিজিবি উদ্ধার করে কেশবপুর বন বিভাগ অফিসে পাঠায়। তারা কিছুদিন হনুমান দুটিকে চিকিৎসা দিয়ে দলের মধ্যে ছেড়ে দেন। তার একটি হনুমান আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
তিনি বলেন, এ বছর চারটি হনুমান কেশবপুর পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।










































