Home আঞ্চলিক খুলনায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা গ্রেপ্তার না হওয়ায় বিতর্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে...

খুলনায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা গ্রেপ্তার না হওয়ায় বিতর্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব

37


শামিম শিকদার।।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর সারাদেশজুড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী গ্রেফতার হলেও খুলনার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে।


এখন পর্যন্ত খুলনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগের বড় মাপের কোনো নেতা গ্রেপ্তার হয়নি। এমনকি শীর্ষপর্যায়ের ছাত্রলীগ-যুবলীগ নেতারাও রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে।


এ অবস্থায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় সূত্র বলছে, গ্রেপ্তার না হওয়ায় এসব সংগঠনের কিছু নেতা বিভিন্ন এলাকায় নাশকতার চেষ্টা চালাচ্ছেন। রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।


শুধু তাই নয়—সামাজিক যোগাযোগমাধ্যমে তারা সক্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন ফেসবুক গ্রুপ ও মেসেঞ্জার চ্যাটে নাশকতা সৃষ্টির পরিকল্পনা, বিশৃঙ্খলা ছড়ানো এবং হট্টগোল তৈরির বিভিন্ন আলোচনা চলছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এসব গ্রুপে নতুন করে দলবদ্ধ হওয়ার প্রক্রিয়াও চলছে বলে অভিযোগ।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।


খুলনার শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, সারাদেশে যেখানে অভিযানে হাই-প্রোফাইল নেতারা গ্রেপ্তার হচ্ছেন, সেখানে খুলনার এই ব্যতিক্রমী পরিস্থিতি আরও অস্থিরতা ডেকে আনতে পারে।