খবর বিজ্ঞপ্তি
জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া মানুষের প্রকৃত সমস্যা কোনোদিনই সমাধান হবে না”—এ কথা উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, দেশের মানুষ আজ ভালো নেই কারণ বর্তমান কিংবা পূর্ববর্তী কোনো সরকারই জনগণের ভোটে নির্বাচিত নয়। একটি নির্বাচিত সরকারই জনগণের কাছে জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন ও সমস্যার সমাধান নিশ্চিত করতে পারে।
বুধবার (১৯ নভেম্বর) বিকালে খুলনার খালিশপুর থানার আলমনগর বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত পরিষদ ও ব্যবসায়ীবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা যখন বলি ভালো আছি-আসলে যতটা ভালো থাকার কথা, আমরা ততটা ভালো নেই। ব্যবসায়ীরা ভালো নেই, শ্রমিকরা ভালো নেই, বেকার যুবকরা ভালো নেই। কারণ অনির্বাচিত সরকার জনগণের কল্যাণে কাজ করতে ব্যর্থ হয়েছে। বকুল আরও বলেন, “বিগত সরকারও নির্বাচিত ছিল না, বর্তমান সরকারও নির্বাচিত নয়। অনির্বাচিত সরকারের কাছে জনগণের স্বার্থ সুরক্ষিত থাকতে পারে না। তারা আমাদের বন্ধ মিলগুলো চালু করতে পারেনি, শ্রমিকদের চাকরি দিতে পারেনি, আমাদের শিক্ষিত ছেলে-মেয়েদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারেনি, বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি।
সভায় সভাপতিত্ব করেন আলমনগর বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ বাহারুল ইসলাম বাহার। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাড. শেখ মোঃ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস। সঞ্চালনা করেন আলমনগর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক এফ. এম. হাদিউজ্জামান আরিফ। এ ছাড়া উপস্থিত ছিলেন আলমনগর বাজার বনিক সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক আ: সালাম মোল্লা, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী একরাম মিন্টু, সাধারণ সম্পাদক গাজী মোঃ সালাহউদ্দিন, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নানা পর্যায়ের নেতৃবৃন্দ।











































