স্পোর্টস ডেস্ক।।
আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে রোহিত শর্মাকে টপকে নতুন শীর্ষ ব্যাটার হয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ১৯৭৯ সালে গ্লেন টার্নারের পর দ্বিতীয় কিউই হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।
মার্টিন ক্রো, কেন উইলিয়ামসন বা রস টেলরের মতো কিংবদন্তিরাও কখনো ওয়ানডে র্যাংকিংয়ের এক নম্বরে উঠতে পারেননি। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সপ্তম ওয়ানডে সেঞ্চুরি পাওয়া মিচেল এই মাইলফলক ছোঁন। তবে শতকের ম্যাচেই তিনি চোট পান এবং বাকি সিরিজ থেকে ছিটকে যান।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা প্রথমবারের মতো আইসিসি টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষ পাঁচে ঢুকেছেন। কলকাতায় কঠিন উইকেটে দলের একমাত্র অর্ধশতক করে তিনি দক্ষিণ আফ্রিকার ১৫ বছরের অপেক্ষা ভাঙেন-ভারতে টেস্ট জয়ের স্বাদ এনে দিয়ে।
ভারতের শুভমান গিল, বর্তমানে ইনজুরিতে থাকা সত্ত্বেও ৭৩৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ-১০–এর ঠিক বাইরে। ইংল্যান্ডের জো রুট টেস্ট ব্যাটিংয়ে শীর্ষে, তার পরে আছেন সতীর্থ হ্যারি ব্রুক।
ইডেন গার্ডেন্সে দুর্দান্ত খেলা মার্কো জানসেন টেস্ট বোলিং র্যাংকিংয়ের শীর্ষ-১০ এর ঠিক বাইরে অবস্থান করছেন এবং অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষ পাঁচে ঢুকে পড়েছেন।
ভারতের জসপ্রিত বুমরাহ ৬ উইকেট নেওয়ার পর টেস্ট বোলিংয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন। তার পরেই আছেন ম্যাট হেনরি ও নোমান আলি।
শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের ৩-০ সিরিজ জয়ে লেগস্পিনার আবরার আহমেদ র্যাংকিংয়ে ১১ ধাপ উপরে উঠে নম্বর ৯ হয়েছেন। রশিদ খান ওয়ানডে বোলিংয়ের শীর্ষে রয়েছেন, তার পরে জোফরা আর্চার ও কেশব মহারাজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়া নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি উঠে এসেছেন বোলিং র্যাংকিংয়ের নম্বর ২ স্থানে। তার উপরে আছেন বরুণ চক্রবর্তী, আর ঠিক পিছনে রশিদ খান।











































