স্পোর্টস ডেস্ক।।
রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন হামজা চৌধুরী। তাকে ঘিরেই উল্লাসে ফেটে পড়লেন সোহেল রানা-তপু বর্মণরা। এই উল্লাস ২২ বছরের আক্ষেপ ঘোচানোর। ২২ বছর পর এই জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে উল্লাসের উপলক্ষ এনে দিয়েছেন শেখ মোরসালিন। তার একমাত্র গোলেই এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতকে হারিয়ে একমাত্র জয়টি পেলো বাংলাদেশ। এই জয়ে এশিয়ান কাপের বাছাইপর্বে পাঁচ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৫ পয়েন্ট। সমান ম্যাচে দুই ড্র’তে ২ পয়েন্ট ভারতের।
হামজা চৌধুরী-শমিত সোমের আগমনের পর থেকেই জয়টা আসি আসি করেও আসছিল না। যার শুরুটা হয়েছিল শিলংয়ে ভারত ম্যাচের মধ্যদিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে প্রায় ৫০ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক ভারতের বিপক্ষে ওই ম্যাচে দারুণ কিছু সুযোগ পেয়েও গোলশূন্য ফিরতে হয়েছিল বাংলাদেশকে। সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকার ম্যাচে ভালো ফুটবল খেলেও গোলরক্ষক মিতুল মারমার হাস্যকর ভুলে হারতে হয়েছিল ২-১ ব্যবধানে। হংকংয়ের বিপক্ষে দু’টি ম্যাচেই জিততে পারতো বাংলাদেশ। কিন্তু ফলাফল পক্ষে আসেনি। ঢাকায় ৪-৩ গোলে হারের পর হংকং থেকে ১-১ গোলে ড্র নিয়ে ফেরেন হামজা-শমিতরা। অবশেষে সেই কাক্সিক্ষত জয় ধরা দিয়েছে। ভারতের বিপক্ষে জয় এসেছে দীর্ঘ ২২ বছর পর। দীর্ঘ এই সময়ে ভারতের বিপক্ষে ১০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ছয়টি ড্র করতে পারলেও হারতে হয়েছিল চার ম্যাচে। সবশেষ ভারতের বিপক্ষে বাংলাদেশ জেতে ২০০৩ সালের ১৮ই জানুয়ারি ঢাকায়। ওই ম্যাচে ২-১ গোলে জয় পায় বাংলাদেশ। গোল দু’টি করেন কাঞ্চন ও মতিউর মুন্না। ২০০৩ সালে ঢাকা স্টেডিয়ামে ভারতকে হারানোর আসরে বাংলাদেশ প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল সাফে। ফাইনালে হারায় মালদ্বীপকে।











































