স্পোর্টস রিপোর্টার।।
ভারতের বিপক্ষে ডিসেম্বরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। কিন্তু সিরিজটি স্থগিত হয়েছে। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেন বিসিবি’র নারী বিভাগের সাবেক প্রধান আবদুর রাজ্জাক। বিসিবিকে ইমেইলের মাধ্যমে বিসিসিআই সিরিজ স্থগিতের ব্যাপারটি নিশ্চিত করে। দু’পক্ষের মধ্যে স্থগিত হওয়া সিরিজের নতুন কোনো সূচি নিয়ে আলোচনা হয়নি।
সিরিজ স্থগিতের ব্যাপারে রাজ্জাক জানান, ‘হ্যাঁ, সফরটি স্থগিত করা হয়েছে এবং এটি পুনরায় নির্ধারিত হবে।’ নতুন কোনো তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘দুটি দলের সময়সূচি বিবেচনা করে সিরিজের সময় পুনর্র্নিধারণ করা হবে, তবে সিরিজটি খুব শীঘ্রই হচ্ছে না।’ এর আগে, আগস্টে ভারত পুরুষ দলের বাংলাদেশ অনুষ্ঠিতব্য সাদা বলের সিরিজটি স্থগিত হয়। সেটি ২০২৬ সালের সেপ্টেম্বরে পুনরায় হওয়ার কথা।
ভারতের বিপক্ষে সিরিজটি দিয়ে টাইগ্রেসদের নতুন নারী এফটিপি চক্র শুরু করার কথা ছিল। কিন্তু সিরিজটি স্থগিত হওয়ায় আপাতত সেটি সম্ভব হচ্ছে না।











































